তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন মঙ্গলবার বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালের পাশে উপজেলা কৃষক দলের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, যেসব রাজনৈতিক নেতা-কর্মী জনগণের ওপর ক্ষমতা প্রদর্শন করেন, তাদের ছোট করেন এবং তেলাপোকা-ছারপোকা বলে মনে করেন, তারা প্রকৃতপক্ষে দলের শত্রু এবং জনগণের শত্রু। জনগণ যদি সুসংহত থাকে, তাহলে কোনো ষড়যন্ত্রকারীই কোনো প্রভাব ফেলতে পারবে না। তথ্যমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতি বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন। তিনি বলেন, সুবিধাভোগীদের তালিকা প্রণয়নের দায়িত্বে যারা থাকবেন, তারা যেন প্রকৃত দাবিদারদের বাদ দিয়ে ভুয়া দাবিদারকে তালিকাভুক্ত না করেন। কাজ বণ্টনের নামে কেউ যদি দালালির দায়িত্ব নেয়, তবে প্রমাণসহ তার কাছে নিয়ে আসতে হবে এবং মাঝখানে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীকে থাকতে দেওয়া যাবে না। জহির উদ্দিন স্বপন সোমবার দুই দিনের সফরে বরিশালে আসেন। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি তার নিজ নির্বাচনী এলাকা গৌরনদী উপজেলায় বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র জনগণই ক্ষমতা প্রদর্শন করতে পারে। তিনি উল্লেখ করেন, শেখ হাসিনাকে শেষ পর্যন্ত বিড়ালের মতো পালিয়ে যেতে হয়েছে এবং ভারতের মতো বড় রাষ্ট্রে তরুণ ছাত্রদের তেলাপোকার সঙ্গে তুলনা করার ফলে সেই দেশের শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। অতএব, জনগণকে ছোট করা বা তেলাপোকা-ছারপোকা মনে করার মতো ঔদ্ধত্য প্রদর্শনকারী নেতা-কর্মীরা দলের ও জনগণের শত্রু। তিনি অতীতেও এ বিষয়ে সতর্ক করেছিলেন এবং বর্তমানেও সতর্ক করে দিচ্ছেন। তথ্যমন্ত্রী বলেন, ধানের শীষের হাতে ক্ষমতা এলে এবং শহীদ জিয়া পরিবারের হাতে শাসনক্ষমতার দায়িত্ব আসলে সর্বোচ্চ মহলে ক্ষমতার কোনো অপপ্রয়োগ হয় না, তবে নিচের পর্যায়ে কেউ ভুলভ্রান্তি করলে সেই দায়িত্ব শেষ পর্যন্ত দলের ঘাড়ে যায়। তাই বিভ্রান্তিকর নেতা-কর্মীদের ব্যাপারে সজাগ থাকতে হবে। উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান (মুকুল), উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্যসচিব শরীফ শফিকুর রহমান প্রমুখ। পরে তথ্যমন্ত্রী বরিশালের গৌরনদীতে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে দিনব্যাপী তিনটি পৃথক কর্মসূচিতে অংশ নেন। উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা ও ক্রীড়াসামগ্রী বিতরণ করেন তিনি। বেলা ১১টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই এবং পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেন। আগামী ৩০ জুলাই পর্যন্ত এ বৃক্ষমেলা চলবে। এরপর দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৬-এর অর্থায়নে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ করেন তথ্যমন্ত্রী। একই অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচিতে জেলা পর্যায়ে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়াসামগ্রী ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা তুলে দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।
জনগণের ওপর ক্ষমতা প্রদর্শনকারীরা দলের শত্রু: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণকে তেলাপোকা বা ছারপোকা মনে করা নেতা-কর্মীরা দল ও জনগণের শত্রু। তিনি গৌরনদীতে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের জন্য ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন।




