রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে মঙ্গলবার দুপুরে জামায়াতে ইসলামীর জরুরি সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমানে চাকরি-বাকরিতে মেধা বা ইন্টারভিউয়ের কোনো প্রয়োজন নেই; বরং বিএনপির কোনো পদ অথবা ছাত্রদলের কোনো পোর্টফোলিও থাকলেই তা যথেষ্ট যোগ্যতা বলে বিবেচিত হয়। তিনি বিএনপির শতভাগ দলীয়করণের নীতি গ্রহণের অভিযোগ তোলেন।
গোলাম পরওয়ার আরও বলেন, আগে আওয়ামী লীগ দলীয়করণ করে সব জায়গায় ছাত্রলীগ বসিয়ে দিয়েছিল; এখন নাম পাল্টে গেলেও চরিত্র একই রয়ে গেছে। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, তারা স্লোগানে বলেন 'সবার আগে বাংলাদেশ', কিন্তু বাস্তবে তাদের কাছে 'সবার আগে বিএনপি'।
সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রতিশ্রুতি থেকে বিএনপি সরে এসেছে বলে অভিযোগ করেন এই জামায়াত নেতা। সরকারকে তিনি অপরিণামদর্শী পথ ত্যাগের আহ্বান জানান। বিশেষ করে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে এক বছরের চুক্তিতে সামসুল আলমের নিয়োগের তীব্র সমালোচনা করেন গোলাম পরওয়ার। তাঁর মতে, সামসুল আলম একজন চিহ্নিত দলীয় ব্যক্তিত্ব, যিনি অবসরের পর বিএনপির সংসদীয় আসন পুনর্বিন্যাস কমিটির সদস্য ছিলেন।
জামায়াত সেক্রেটারি বলেন, নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ করতেই এই রাজনৈতিক নিয়োগ দেওয়া হয়েছে। সামনে স্থানীয় সরকার নির্বাচন আসন্ন, যেখানে অতিরিক্ত সচিবের সরাসরি ভূমিকা রয়েছে। বিএনপির এজেন্ডা বাস্তবায়নে সামসুল আলম আগেও সোচ্চার ছিলেন, নির্বাচন কমিশনেও তিনি একই পথ অনুসরণ করবেন বলে আশঙ্কা প্রকাশ করেন গোলাম পরওয়ার। তিনি এই নিয়োগ বাতিলের দাবি জানান।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা'ছুম, হামিদুর রহমান আযাদ ও আবদুল হালিমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।




