কুমিল্লার চান্দিনা উপজেলায় ঘরের ভেতরে প্রবেশ করে এক গৃহকর্ত্রীকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত নারীর নাম বীনা রানী রায় (৫৮)। তার মাথা ও কপালে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, হাতুড়ির আঘাতে কিংবা কোনো শক্ত বস্তু দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হতে পারে। তবে হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে আটটার দিকে চান্দিনার বরকইট ইউনিয়নের দক্ষিণপাড়া শীলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ঘরে ঢুকে এলোপাতাড়ি আঘাত করে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ছেলে তাপস রায় জানান, তিনি ও তার অন্য ভাইবোনরা চাকরির কারণে বিভিন্ন জায়গায় থাকেন। বাড়িতে শুধু তার মা-বাবা থাকতেন। সন্ধ্যায় পূজা-অর্চনা শেষে মা টেলিভিশন দেখছিলেন। এ সময় বাবা দোকানে চা খেতে গিয়েছিলেন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে তার মায়ের মাথায় আঘাত করতে থাকে। মায়ের চিৎকারে পাশের ঘরের এক জ্যাঠা এগিয়ে আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এরপর আহত অবস্থায় মাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারা এবং কী কারণে তার মাকে হত্যা করেছে, সে বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন তাপস। তিনি দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম জানান, স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, নিহতের পরিবারের সঙ্গে আশপাশের কয়েকজনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। তবে প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। তিনি দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বীনা রানীর কপাল ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে নাকি অন্য কোনো উপায়ে—তদন্তের মাধ্যমে তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি, তবে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।