কল্পনা করো, একজন বন্ধু তোমাকে একটি অদ্ভুত প্রস্তাব দিল। প্রথম সেকেন্ডে সে তোমাকে ১ টাকা দেবে, ঠিক পরের সেকেন্ডে সেই টাকা ফিরিয়ে নেবে। এই দেওয়া-নেওয়ার খেলা যদি অনন্তকাল ধরে চলতে থাকে, তাহলে শেষ পর্যন্ত তোমার কাছে কত টাকা জমবে? একটু ভাবলেই তুমি দেখবে, উত্তরের দুটি সম্ভাবনা রয়েছে। কেউ হয়তো বলবে, প্রথম মুহূর্তে ১ টাকা হাতে এসেছে, কিন্তু পরক্ষণেই তা চলে গেছে, তাই হাত খালি—অর্থাৎ ০ টাকা থাকবে। আবার কেউ যুক্তি দিতে পারে, খেলাটি যদি টাকা পাওয়ার ঠিক পরপরই শেষ হয়ে যায়, তাহলে তো ১ টাকাই থাকবে।

মজার ব্যাপার হলো, এই আপাত-সহজ ধাঁধাটি ১৭০৩ সালে মাথায় নিয়েছিলেন ইতালীয় গণিতবিদ লুইজি গুইডো গ্র্যান্ডি। গণিতের ভাষায় এটি লেখা যায় এভাবে: S = 1 - 1 + 1 - 1 + 1 - 1 + … ধারাটিতে সামান্য ব্র্যাকেট বসানোর কৌশলে উত্তর বদলে যায়। জোড়ায় জোড়ায় সাজালে— S = (1 - 1) + (1 - 1) + (1 - 1) + … = 0, অর্থাৎ উত্তর শূন্য। অথচ প্রথম ১-টিকে আলাদা রেখে বাকিদের জোড়া বানালে— S = 1 - (1 - 1) - (1 - 1) - … = 1, ফলে উত্তর দাঁড়ায় ১। একই সমীকরণ, কিন্তু ব্র্যাকেটের সামান্য হেরফেরে উত্তর দুটি ভিন্ন রকম! গ্র্যান্ডি আরও একধাপ এগিয়ে দেখিয়েছিলেন, উচ্চতর গণিতে এ ধারার উত্তর ১/২-ও হতে পারে। বাস্তবে পকেটে একই সঙ্গে ১ টাকা আর ০ টাকা থাকা অসম্ভব, তাই না? তাহলে গণিতের মতো নিখুঁত শাস্ত্রে এমন বিভ্রাট কেন?

আসল সমস্যাটি হিসাবের নয়, বরং অসীমের ধারণায়। আমরা সাধারণত সসীম সংখ্যার যোগ-বিয়োগের যে নিয়ম অভ্যস্ত, অসীম ধারার ক্ষেত্রেও সেটি প্রয়োগ করতে গিয়ে ভুল করেছি। অসীম কোনো সাধারণ সংখ্যা নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। যে ধারার পদগুলো নির্দিষ্ট কোনো উত্তরের দিকে অগ্রসর না হয়ে ০ ও ১-এর মধ্যে দোদুল্যমান থাকে, তাকে গণিতে বলে ডাইভারজেন্ট বা অপসারী ধারা, যার কোনো সুনির্দিষ্ট যোগফল থাকে না।

গ্র্যান্ডি যে ১/২ বের করেছিলেন, তা বীজগণিতের একটি চালাকি কৌশলে। মনে করো, আমাদের ধারা S। এবার 1 থেকে এই পুরো ধারাটি বিয়োগ করলে অর্থাৎ 1 - S লিখলে পাওয়া যায়: 1 - (1 - 1 + 1 - 1 + …) = 1 - 1 + 1 - 1 + … = S। ডান পাশের অংশটি মূল ধারা S ছাড়া আর কিছুই নয়! সুতরাং, 1 - S = S, অর্থাৎ 2S = 1, অতএব S = 1/2। বাস্তবদৃষ্টিতে উত্তরটি যতই উদ্ভট মনে হোক, দর্শনের জগতে এটি নতুন বিতর্কের জন্ম দিয়েছিল। গ্র্যান্ডি নিজে ধর্মতত্ত্ববিদও ছিলেন। তিনি দাবি করেছিলেন, এই ধারার মাধ্যমে শূন্য থেকে সৃষ্টিকর্তার মহাবিশ্ব সৃষ্টির গাণিতিক প্রমাণ পাওয়া যায়! কারণ এখানে ০ আর ১-এর টানাটানিতে শেষ পর্যন্ত ১/২-এর মতো একটি মধ্যবর্তী মান বেরিয়ে আসে, যা দুইয়ের মাঝে একটি সেতু তৈরি করে।

এই ধারা নিয়ে বিখ্যাত গণিতবিদ আইজ্যাক নিউটন, গটফ্রিড লিবনিজ এবং পরবর্তী সময়ে লেওনার্ড অয়লারও গবেষণা করেছেন। সম্ভাবনার যুক্তিতে লিবনিজ ১/২-কেই সমর্থন করেছিলেন—যেহেতু উত্তর ০ বা ১ হওয়ার সম্ভাবনা সমান, তাই তাদের গড়কেই সবচেয়ে যুক্তিসঙ্গত উত্তর হিসেবে বিবেচনা করা উচিত। তবে উনিশ শতকে ওগ্যুস্তাঁ-লুই কোশি ও নিলস হেনরিক আবেলের মতো গণিতবিদেরা ধারার সংজ্ঞা নতুন করে প্রতিষ্ঠা করেন। তাঁদের মতে, সাধারণ যোগের নিয়ম অসীম ধারায় অন্ধভাবে প্রয়োগ করা যায় না। কোনো ধারার আংশিক যোগফল একটি নির্দিষ্ট সংখ্যার দিকে অগ্রসর হলে তবেই তাকে অভিসারী বা কনভারজেন্ট ধারা বলা যাবে, এবং কেবল তখনই তার প্রকৃত যোগফল নির্ণয় করা সম্ভব। গ্র্যান্ডির ধারার আংশিক যোগফল 1, 0, 1, 0... এভাবে কখনো স্থির হয় না, তাই আধুনিক গণিতের চোখে এটি সম্পূর্ণ অসংজ্ঞায়িত ও অপসারী ধারা।

তবে এর মানে এই নয় যে ধারাটির কোনো গুরুত্ব নেই। কোয়ান্টাম ফিজিকস, স্ট্রিং থিওরি বা সিগন্যাল প্রসেসিংয়ের মতো জটিল ক্ষেত্রে যখন সাধারণ নিয়মে অসীমের হিসাব আটকে যায়, তখন এই অপসারী ধারাগুলোকে বিশেষ পদ্ধতি—যেমন সেসারো সামেশন বা আবেল সামেশন—দিয়ে সামাল দেওয়া হয়। এসব পদ্ধতিতে গ্র্যান্ডির ধারার মান ১/২ হিসেবেই ধরা হয়, যা অনেক জটিল সমস্যার সমাধান দেয়। সুতরাং ১ আর ০-এর এই খেলাটি কেবল একটি মজার ধাঁধা নয়; এটি আমাদের শিক্ষা দেয় যে অসীম কোনো নির্দিষ্ট গন্তব্য নয়, বরং এক রহস্যময় পথ। আমাদের পরিচিত নিয়মগুলোকে অসীমের ক্যানভাসে চাপিয়ে দিতে গেলেই গণিত নতুন কিছু শেখাবে।