ইসলামে অন্যের জান, মাল ও সম্মানের ওপর আঘাতকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। তবে অপরাধের শাস্তি নির্ধারণের পাশাপাশি কিছু বিশেষ পরিস্থিতিতে সেই শাস্তি শিথিল, স্থগিত বা মওকুফের নীতিমালাও ইসলামি আইনে স্পষ্টভাবে বর্ণিত আছে। বিচারিক দণ্ড ও বিচারবহির্ভূত নিপীড়নের মধ্যে ইসলামি আইন স্পষ্ট পার্থক্য করেছে। আদালত কর্তৃক সঠিক আইনি প্রক্রিয়ায় দণ্ড প্রদান করা হলে তা কার্যকরকারী আইনশৃঙ্খলা বাহিনীর দায় থাকে না, কিন্তু সুস্পষ্ট জুলুমের ভিত্তিতে বা কোনো বিচার ছাড়াই শুধু সন্দেহের বশে কাউকে শাস্তি দেওয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। পবিত্র কোরআনে বলা হয়েছে, "যারা কোনো অপরাধ না করা সত্ত্বেও মুমিন পুরুষ ও মুমিন নারীদের কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও সুস্পষ্ট পাপে ভারাক্রান্ত হয়।" (সুরা আহজাব, আয়াত: ৫৮) হাদিসে এসেছে, "নিশ্চয়ই আল্লাহ–তাআলা সেসব মানুষকে আজাব দেবেন, যারা দুনিয়াতে মানুষকে শারীরিক নির্যাতন বা শাস্তি দেয়।" (সহিহ মুসলিম, হাদিস: ২৬১৩) এমনকি সঠিক বিচারিক প্রক্রিয়া ও উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে চাবুক মারা জাহান্নামি হওয়ার লক্ষণ হিসেবে বর্ণিত হয়েছে। (সহিহ মুসলিম, হাদিস: ২১২৮)
হদ সংক্রান্ত অপরাধের সাজা মওকুফের ক্ষেত্রে দুটি অবস্থা রয়েছে। মামলা আদালতে পৌঁছানোর পর প্রমাণসহ বিষয়টি বিচারকের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হলে সেই সাজা মওকুফ বা সুপারিশের সুযোগ থাকে না। কোরআনে বলা হয়েছে, "যে ব্যক্তি আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে, সে মূলত নিজের ওপরই জুলুম করে।" (সুরা তালাক, আয়াত: ১) কোরাইশ বংশের এক সম্ভ্রান্ত নারী চুরির অপরাধে ধরা পড়লে উসামা ইবনে জায়েদ (রা.) তাঁর জন্য সুপারিশ করতে এলে মহানবী (সা.) অসন্তুষ্ট হয়ে বলেন, "তুমি কি আল্লাহর নির্ধারিত হদের বিষয়ে সুপারিশ করতে এসেছ? অতীতে বহু জাতি ধ্বংস হয়ে গেছে কারণ তাদের কোনো প্রভাবশালী লোক চুরি করলে ছেড়ে দেওয়া হতো, আর দুর্বল লোক চুরি করলে সাজা দেওয়া হতো। আল্লাহর কসম, মুহাম্মদের কন্যা ফাতিমাও যদি চুরি করত, তবে আমি তার হাত কেটে দিতাম।" (সহিহ বুখারি, হাদিস: ৩৪৭৫) অপরদিকে, মামলা আদালতে পৌঁছানোর আগে ভুক্তভোগী বা অভিভাবকরা অপরাধীকে সংশোধনের সুযোগ দিয়ে ক্ষমা করতে পারেন, যদি অপরাধী অভ্যাসগত না হয়।
কিসাস বা দিয়াতের সাজার ক্ষেত্রে ক্ষমার ব্যাপক সুযোগ রয়েছে, কারণ এটি ভুক্তভোগী বা তাঁর পরিবারের ব্যক্তিগত অধিকারের সঙ্গে জড়িত। ক্ষতিগ্রস্ত পরিবার স্বেচ্ছায় রক্তপণ বা দিয়াতের বিনিময়ে কিংবা সম্পূর্ণ বিনামূল্যে অপরাধীকে ক্ষমা করলে রাষ্ট্র কিসাসের সাজা মওকুফ করতে পারে। কোরআনে বলা হয়েছে, "যে ব্যক্তি ক্ষমা করে ও আপস-নিষ্পত্তি করে, তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে।" (সুরা শুরা, আয়াত: ৪০) অন্য আয়াতে এসেছে, "কেউ যদি কিসাস ক্ষমা করে দেয়, তবে তা তার নিজের অপরাধের কাফফারা হিসেবে গণ্য হবে।" (সুরা মায়েদাহ, আয়াত: ৪৫) মহানবী (সা.) বলেছেন, "যার আত্মীয় নিহত হয়, সে দুটি সুবিধার যেকোনো একটি বেছে নেওয়ার অধিকারী—হয় কিসাস গ্রহণ করবে, না হয় ক্ষমা করে রক্তপণ গ্রহণ করবে।" (সহিহ বুখারি, হাদিস: ২৪৩৪)
তাজির বা বিচারকের প্রাধিকারমূলক সাজার ক্ষেত্রে, যদি তা দুই ব্যক্তির পারস্পরিক হকের বিষয় হয়, তবে ভুক্তভোগীর ক্ষমার ভিত্তিতে সাজা মওকুফ করা যায়। সমাজ বা রাষ্ট্রের কল্যাণ বিবেচনা করে ভালো চরিত্রের লোক বা প্রথমবার ভুল করা ব্যক্তির তাজিরমূলক শাস্তি বিচারক মওকুফ করতে পারেন। মহানবী (সা.) বলেছেন, "মর্যাদাবান ও ভালো স্বভাবের মানুষের ছোটখাটো ভুলত্রুটি ক্ষমা করে দাও, তবে হদের বিষয়টি আলাদা।" (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৩৭৫)
ইসলামি আইনের একটি গুরুত্বপূর্ণ নীতি হলো—সন্দেহের সামান্যতম অবকাশ থাকলে সাজা কার্যকর না করা। মহানবী (সা.) বলেছেন, "সন্দেহের উপস্থিতিতে যতটা পারো হদের সাজা এড়িয়ে চলো।" (সুনানে তিরমিজি, হাদিস: ১৪২৪) কোনো বিচারে ভুল করে ক্ষমা করে দেওয়া ভুল করে দণ্ড দেওয়ার চেয়ে উত্তম। মানবিক ও স্বাস্থ্যগত কারণেও সাজা স্থগিতের নির্দেশ রয়েছে। মারাত্মক অসুস্থ অপরাধী সুস্থ না হওয়া পর্যন্ত সাজা স্থগিত রাখা সুন্নত। গর্ভবতী বা দুগ্ধদানকারী নারীর ক্ষেত্রে সন্তানের নিরাপত্তার স্বার্থে সাজা স্থগিত থাকে। চরম তীব্র শীত বা গরমের সময়ও শারীরিক দণ্ড স্থগিত রাখার বিধান রয়েছে।
তওবা ও অপরাধীর সংশোধনের মাধ্যমেও সাজা মওকুফ হয়। ডাকাত বা সামাজিক অপরাধীরা যদি ধরা পড়ার আগেই খাঁটি মনে তওবা করে স্বাভাবিক জীবনে ফিরে আসে, তবে মূল রাষ্ট্রীয় সাজা মওকুফ হয়ে যায়। কোরআনে বলা হয়েছে, "তবে তোমরা তাদের ওপর সক্ষমতা অর্জনের আগেই যারা তওবা করবে, জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়ালু।" (সুরা মায়েদাহ, আয়াত: ৩৪) ইসলামের অপরাধবিষয়ক আইনের মূল উদ্দেশ্য প্রতিশোধ নয়, বরং সমাজকে সুরক্ষিত রাখা এবং অপরাধীকে সংশোধনের সুযোগ দেওয়া। যেখানে আল্লাহর হক জড়িত, সেখানে কঠোরতা; আর যেখানে মানবিক দিক জড়িত, সেখানে ক্ষমার পথকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আইন ও করুণার এই ভারসাম্যের কারণেই ইসলামি বিচারব্যবস্থা মানব ইতিহাসের অনন্য আদর্শ।




