নামী ব্র্যান্ডের পোশাক কিংবা বিলাসী কেনাকাটা ছাড়াই নিজেকে পরিপাটি ও আকর্ষণীয় করে তোলা সম্ভব — এমনটাই মনে করছেন ফ্যাশন বিশ্লেষকরা। একই পোশাক একজনের পরনে সাদামাটা লাগলেও অন্যজনের পরনে তা নজরকাড়া হয়ে ওঠে; পার্থক্যটা আসলে তৈরি হয় পোশাকের দামে নয়, বরং উপস্থাপনার কৌশলে। কম বাজেটেও ব্যক্তিত্বে আভিজাত্যের ছাপ আনতে কয়েকটি সহজ অভ্যাসই যথেষ্ট বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
সবার প্রথমেই আসে পরিচ্ছন্নতার বিষয়টি। স্টাইলিশ চেহারার সূচনা কিন্তু সাজগোজ নয়, বরং নিয়মিত মুখ পরিষ্কার, ময়েশ্চারাইজার ব্যবহার এবং চুল পরিচ্ছন্ন রাখার মধ্য দিয়ে। নিজের মুখের গড়নের সঙ্গে মানানসই চুলের কাটও লুকে বড় পরিবর্তন আনতে পারে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, সুষম খাবার আর ভালো ঘুম ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ধরে রাখতে সহায়ক। মেকআপ ব্যবহার করলে দিন শেষে তা ভালোভাবে না তুলে ঘুমানোও উচিত নয়।
পোশাক নির্বাচনের ক্ষেত্রে ফিটিংয়ের দিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। খুব আঁটসাঁট বা অতিরিক্ত ঢিলেঢালা পোশাকের বদলে নিজের শরীরের গড়নের সঙ্গে মানানসই মাপের পোশাকই শ্রেয়। দামি কাপড় না কিনেও ভালো মানের সুতি, লিনেন, ডেনিম বা সিল্কের সাধারণ ডিজাইনের পোশাক পরিপাটি ও রুচিশীল দেখায়। ফেব্রিকের মানের দিকে নজর রাখা জরুরি।
রং বাছাইয়েও থাকতে হবে পরিমিতি। কালো, সাদা, ধূসর, নেভি বা বেইজের মতো নিরপেক্ষ রং যেকোনো পোশাক ও আনুষঙ্গিকের সঙ্গে সহজেই মানিয়ে যায়। গভীরতা আনতে বারগান্ডি, পান্না সবুজ, চকলেট বাদামি, ডিপ টিল কিংবা টেরাকোটার মতো গাঢ় শেডও বেছে নেওয়া যায়। তবে অতিরিক্ত বড় লোগো বা চোখধাঁধানো ডিজাইনের বদলে পরিচ্ছন্ন ও ক্ল্যাসিক নকশার পোশাক দীর্ঘদিন স্টাইলিশ দেখায়।
অনুষঙ্গ ব্যবহারে ভারসাম্য রাখা বিশেষ গুরুত্বপূর্ণ। একটি সুন্দর ব্যাগ, পরিষ্কার জুতা, মানানসই বেল্ট, ঘড়ি, সানগ্লাস কিংবা ছোট্ট গয়নাই পুরো লুকে মাত্রা যোগ করে। কিন্তু পোশাকের সঙ্গে মিলিয়ে অল্প কিছু ব্যবহার করলেই রুচিশীলতা ফুটে ওঠে। এছাড়া জুতার দিকেও নজর দিতে হবে; কারণ মানুষের দৃষ্টি প্রায়ই সবার আগে জুতার দিকে যায়। নোংরা বা জীর্ণ জুতা যত সুন্দর পোশাকই হোক না কেন, পুরো চেহারার সৌন্দর্য নষ্ট করে দিতে পারে। নিয়মিত জুতা পরিষ্কার, পলিশ ও সঠিক সংরক্ষণের অভ্যাস ব্যক্তিত্বে বড় পরিবর্তন আনতে সক্ষম।
মূলত আভিজাত্যের রহস্য দামি পোশাকে নয়, বরং পরিচ্ছন্নতা, আত্মবিশ্বাস এবং সঠিক উপস্থাপনার মধ্যে লুকিয়ে আছে। তাই সচেতন কিছু অভ্যাস গড়ে তুললে অল্প বাজেটেও প্রতিদিনের সাজে ফুটে উঠতে পারে পরিপাটি ও ক্ল্যাসি ভাবমূর্তি।




