বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ী সীমান্তে এ বৈঠকটি প্রায় দুই ঘণ্টা ধরে চলে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে বাংলাদেশি নাগরিকদের সীমান্তে গুলি করে হত্যা এবং জোরপূর্বক 'পুশ ইন' বা ঠেলে পাঠানোর ঘটনা বন্ধের জোরালো আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৈঠকে বিজিবির রংপুর সেক্টরের পক্ষে নেতৃত্ব দেন সেক্টর কমান্ডার কর্নেল রোবায়েত হাসান। অপরদিকে, ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার গোপালপুর সেক্টরের কমান্ডার সংকটা প্রসাদ বিএসএফের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠক সূত্রে জানা গেছে, সীমান্তে সংঘটিত হত্যা ও পুশ-ইনের ঘটনাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছে বিজিবি।

বৈঠকে বিজিবির পক্ষ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়। পুশ-ইনের ঘটনা যেন যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হয়, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো ধরনের স্থাপনা বা অবকাঠামো নির্মাণ না করা, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রচেষ্টা প্রতিহত করা এবং চোরাচালানসহ অন্যান্য আন্তরাষ্ট্রীয় অপরাধ দমনে দুই বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদান বৃদ্ধির আহ্বান জানানো হয়।

বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল রোবায়েত হাসান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে তিনি জানান, বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত এই কার্টেসি মিটিংয়ে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একইসাথে, এই বৈঠকের ফলাফল ও আলোচিত বিষয়গুলো দুই দেশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।