মানিকগঞ্জে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুকের মামলা করার দায়ে এক নারীকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক দোলন বিশ্বাস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী ও অভিযুক্ত আসামি উভয়ই।
আদালতে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামি আরিফুল ইসলামকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি এক মাসের মধ্যে জামিনের আবেদন করার শর্তে কারাদণ্ডপ্রাপ্ত নারীকে আদালত জামিন মঞ্জুর করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চর নয়াডাঙ্গী গ্রামের আরিফুল ইসলামের সঙ্গে ২০২১ সালের ২২ জানুয়ারি লাভলী আক্তারের বিয়ে হয়। বিবাহিত জীবনের শুরু থেকেই দাম্পত্যজীবনে নানা বিষয়ে তাদের মধ্যে কলহ দেখা দেয়। এরই জেরে ২০২২ সালের ১৫ মার্চ স্বামী ৫ লাখ টাকা যৌতুক দাবি করে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন—এমন অভিযোগ তুলে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় আদালতে মামলা করেন লাভলী। সেই মামলায় বাদীসহ মোট তিনজন সাক্ষ্য দেন।
বৃহস্পতিবার দুপুরে মামলার শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীর জিজ্ঞাসাবাদে আদালতের কাছে স্পষ্ট হয় যে, এজাহারে বাদী যে অভিযোগ উল্লেখ করেছেন, সেই ঘটনার প্রায় সাত মাস আগেই অভিযুক্ত আরিফুল প্রবাসে চলে যান। অর্থাৎ অভিযুক্ত সময়ে আসামি দেশের বাইরে অবস্থান করছিলেন, যা এজাহারের বিবরণের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। সাক্ষীদের সাক্ষ্য ও অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনা করে বাদীপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়। ফলে আদালত মামলাটি মিথ্যা হিসেবে চিহ্নিত করে আসামি আরিফুলকে অব্যাহতি দেয়। একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের অপরাধে বাদী লাভলী আক্তারকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে আদালত।
কারাদণ্ডের পর আসামিপক্ষের আইনজীবী সমাপ্তি আক্তার আদালতে জামিনের আবেদন করেন। বিচারক এক মাসের মধ্যে আপিল করার শর্তে ১ হাজার টাকার বন্ডে লাভলী আক্তারের জামিন মঞ্জুর করেন।
এ ঘটনায় আইনজীবী সমাপ্তি আক্তার জানান, ১০ দিনের সাজা হওয়ায় আপিলের শর্তে জামিনের আবেদন করা হয়েছিল। পরে আদালত এক মাসের মধ্যে আপিলের সুযোগ রেখে জামিনের অনুমতি দেন।




