ব্যস্ত দিনে দ্রুত কিছু খাবার তৈরি করার প্রয়োজন পড়লে অনেকেই ভাবেন কী করা যায়। ঘরে ময়দা, দুধ ও ইস্ট থাকলে খুব সহজেই বানিয়ে ফেলা যায় পিঠা-রুটি, যা দিয়ে মুহূর্তেই তৈরি হয়ে যাবে পিৎজা বা স্যান্ডউইচের মতো জনপ্রিয় খাবার।

এই রেসিপি তৈরি করতে যা যা লাগবে — ময়দা তিন কাপ, গরম দুধ এক কাপ, চিনি তিন টেবিল চামচ, ইস্ট দুই টেবিল চামচ, সয়াবিন তেল এক টেবিল চামচ, বাটার দুই টেবিল চামচ এবং লবণ এক চা-চামচ।

প্রণালি অনুযায়ী প্রথমে হালকা গরম দুধে ইস্ট দিয়ে ১০ মিনিট ঢেকে রাখতে হবে। ইস্ট ফুলে উঠে বলের আকার নিলে তাতে চিনি, লবণ, সয়াবিন তেল ও ময়দা মিশিয়ে একটি নরম ডো তৈরি করতে হবে। এরপর সেটি ৩০ মিনিট ঢেকে রাখতে হবে। ডোটি ফুলে উঠলে তাতে বাটার দিয়ে ভালোভাবে মাখিয়ে আটটি সমান ভাগে ভাগ করতে হবে। প্রতিটি ভাগ থেকে রুটি বেলে নিয়ে কাপড় দিয়ে ঢেকে আরও ১০ মিনিট রাখতে হবে।

রুটিগুলো ফুলে উঠলে যে রুটিটি আগে বেলা হয়েছে সেটি দিয়েই সেকা শুরু করা উচিত। এভাবে ক্রমান্বয়ে সবগুলো রুটি সেঁকে নিলেই তৈরি পিঠা-রুটি। এই রুটি এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যায়। চাইলে যেকোনো তরকারির সঙ্গেও এটি পরিবেশন করা যাবে। সবচেয়ে বড় সুবিধা হলো, এই পিঠা-রুটি দিয়ে ঝটপট পিৎজা, প্যান পিৎজা বা স্যান্ডউইচ বানিয়ে নেওয়া যায়, যা পরিবারের সবার কাছে জনপ্রিয় হবে।