মাত্র কয়েকটি সহজলভ্য উপকরণ দিয়ে ঘরেই তৈরি করা যায় সুস্বাদু নান। তন্দুরের প্রয়োজন নেই, সাধারণ চুলাতেই এই রেসিপিতে নান ফুলে উঠবে। প্রথমে ২ কাপ ময়দা, ১টি ডিম, ১ টেবিল চামচ ইস্ট, ২ টেবিল চামচ চিনি, ১ টেবিল চামচ তেল, আধা চা-চামচ লবণ একসাথে নিতে হবে। ১ টেবিল চামচ ঘি আলাদা রাখতে হবে পরবর্তী ধাপে।
গামলায় ময়দার মাঝখানে ঘি বাদে বাকি সব উপকরণ দিয়ে আধা কাপ হালকা গরম পানিতে মিশিয়ে নরম ডো তৈরি করতে হবে। প্রয়োজনে আরও পানি যোগ করা যাবে। ডো ভালোভাবে মাখার পর ৩০ মিনিটের জন্য গরম জায়গায় ঢেকে রাখতে হবে, যাতে ইস্ট কাজ করে ডো ফুলে ওঠে।
৩০ মিনিট পর ফোলা ডোকে ৬ থেকে ৭টি সমান ভাগে ভাগ করে নিতে হবে। এবার এক কাপ পানিতে ১ টেবিল চামচ লবণ গুলে রাখতে হবে। রুটি বানানোর তাওয়া আগে ভালোভাবে গরম করে নিতে হবে। গরম তাওয়ায় ওই লবণ-পানি ছিটিয়ে দিলে তা তন্দুরের মতো কাজ করবে, ফলে নান তাওয়ার গায়ে আটকে থাকবে এবং ফুলে উঠবে।
এবার একটি ডোর অংশ বেলে নিয়ে তার ওপর লবণ-পানির প্রলেপ দিতে হবে। প্রলেপ দেওয়া অংশটি তাওয়ায় বিছিয়ে দিতে হবে। রুটিতে বুদবুদ উঠতে দেখা গেলে তাওয়া উল্টিয়ে সরাসরি চুলার শিখায় ধরতে হবে। নানের ওপরের অংশ বাদামি রঙ ধারণ করলে তা নামিয়ে গরম থাকতেই ঘি ব্রাশ করে পরিবেশন করতে হবে। এই পদ্ধতিতে তৈরি নান রুটি বা তন্দুরি নানের মতোই নরম ও সুস্বাদু হবে। যারা দ্রুত পিৎজা বা স্যান্ডউইচ বানাতে চান, তারা পিঠা-রুটি দিয়েও তা তৈরি করতে পারেন।




