গত রোববার রাজধানীর হোটেল র্যাডিসনে ‘বায়লা ফিউচার সামিট–২০২৬’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তৈরি পোশাকশিল্পের ভবিষ্যৎ প্রযুক্তি ও উৎপাদনশীলতার ওপর নির্ভরশীল হবে বলে মন্তব্য করেন বক্তারা। বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যালায়েন্স (বায়লা) আয়োজিত এই দুই দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। সম্মেলনে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পর বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন এবং মূল্য সংযোজন পণ্যের ওপর জোর দেওয়া হয়। আরিফুল হক চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, প্রযুক্তিনির্ভর শিল্পের চাহিদা পূরণে শ্রমশক্তিকে পুনরায় দক্ষ করে তোলা ও তরুণ প্রজন্মের নেতৃত্ব তৈরি করা জরুরি। সরকার শ্রমিক ও মালিকের স্বার্থের ভারসাম্য বজায় রেখে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করছে। নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের মতে, এআই ও ডিজিটাল প্রযুক্তি গ্রহণে ব্যর্থ হলে কোনো কারখানা ভবিষ্যতে টিকে থাকতে পারবে না। তিনি উল্লেখ করেন, প্রথম প্রজন্মের উদ্যোক্তারা বাংলাদেশকে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারকে পরিণত করেছেন, এখন সেই ধারা অব্যাহত রাখার দায়িত্ব নতুন প্রজন্মের। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সহসভাপতি বিদিয়া অমৃত খান বলেন, এলডিসি–পরবর্তী সময়ে শুধু চুক্তিভিত্তিক উৎপাদন নয়, বরং নিজস্ব ব্র্যান্ড তৈরি, নকশা উদ্ভাবন ও মূল্য সংযোজনের দিকে মনোযোগ দিতে হবে। তিনি এআই, অটোমেশন ও ইন্ডাস্ট্রি ৪.০-কে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য অপরিহার্য উল্লেখ করে আরও বিনিয়োগের আহ্বান জানান। শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, বাংলাদেশ ইতিমধ্যে কোটা পরবর্তী সময় ও কোভিড মহামারির চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। এখন এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অটোমেশন, এআই, দক্ষ জনবল, বাজার বহুমুখীকরণ এবং উচ্চ মূল্য সংযোজনের দিকে নজর দিতে হবে। ইউরোচ্যাম বাংলাদেশের চেয়ারম্যান নুরিয়া লোপেজের বক্তব্যে উঠে আসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের পোশাকের চাহিদা বজায় রাখতে টেকসই উৎপাদন ও পরিবেশগত মানের গুরুত্ব। তিনি পণ্যের বহুমুখীকরণকেও অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন। বায়লার সভাপতি আবরার হোসেন সায়েম ‘থিংক বিয়ন্ড টুডে’ ধারণার ওপর জোর দিয়ে বলেন, পুরনো ব্যবসা মডেল ভবিষ্যতে কাজ করবে না। নতুন প্রজন্মের উদ্যোক্তাদের দ্রুত এআই ও ইন্ডাস্ট্রি ৪.০ গ্রহণ করতে হবে। সম্মেলনের ‘ম্যানুফ্যাকচারিংয়ের গণ্ডি পেরিয়ে ব্যবসা সম্প্রসারণ: ডিস্ট্রিবিউশন ও ভোক্তা–অভিজ্ঞতার শক্তি’ শীর্ষক অধিবেশনে ট্রান্সকম লিমিটেডের গ্রুপ সিইও সিমিন রহমান বলেন, বৈশ্বিক ক্রেতারা এখন শুধু পোশাক নয়, বরং মানসম্মত উৎপাদন, টেকসই উন্নয়ন, আস্থা ও নির্ভরযোগ্যতা প্রত্যাশা করেন। তিনি ‘মেড ইন বাংলাদেশ’ যেন উৎকর্ষের প্রতীক হয়, সে লক্ষ্যে কাজ করতে সবাইকে আহ্বান জানান। বায়লার প্রথম সহসভাপতি হাসিন আরমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।