বিশ্ববাজারে বিগত এক মাসে সোনার দাম আউন্সপ্রতি কমেছে ১৭২ ডলার। তবে মঙ্গলবার এই দাম কিছুটা বেড়েছে, বেড়ার পরিমাণ ৩৭ ডলার। গোল্ড প্রাইস ডট অর্গের পরিসংখ্যান বলছে, গত সপ্তাহের একই দিনে আগের ৩০ দিনের পতন ছিল ৩৩১ ডলার। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে বিশ্ববাজারে সোনার দাম ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অন্যদিকে, দেশের বাজারে সোনার ভ্যাট কাঠামোও বদলেছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি ভরি সোনার গয়নার জন্য ভ্যাট নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা, যা আগে মোট মূল্যের ওপর ৫ শতাংশ ছিল। এর ফলে গ্রাহকদের আর আলাদাভাবে ভ্যাট দিতে হবে না। এরই মধ্যে আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে নতুন দাম কার্যকর করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংস্থাটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, তেজাবি বা খাঁটি সোনার দাম বেড়ে যাওয়ায় এ সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি ব্যবহৃত ২২ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি বেড়েছে ১ হাজার ৬৩৩ টাকা। ফলে এক ভরি ২২ ক্যারেটের সোনা কিনতে এখন খরচ হবে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ২১ ক্যারেটের দাম বেড়েছে ১ হাজার ৫৭৪ টাকা, এখন তা হচ্ছে ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের সোনার ভরি মূল্য বেড়েছে ১ হাজার ৩৪১ টাকা, এখন তা দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকায়। সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৫০ টাকা বেড়ে বর্তমানে ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা। এর আগের দাম ছিল যথাক্রমে ২২ ক্যারেটের ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা ও সনাতন পদ্ধতির ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা। এদিকে রুপার বাজার অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের রুপার ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৭৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮৫৭ টাকা।