বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি হিসেবে শিক্ষার্থীরা সাধারণত বিশ্ববিদ্যালয় নির্বাচন, স্টেটমেন্ট অব পারপাস (SOP), সুপারিশপত্র এবং ভিসা প্রক্রিয়ার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তবে এই প্রস্তুতির পাশাপাশি অত্যন্ত প্রয়োজনীয় একটি দিক হলো বিদেশি মুদ্রায় পড়াশোনা এবং দৈনন্দিন জীবনযাপনের খরচের সুসমন্বিত পরিকল্পনা। অনেক শিক্ষার্থী শেষ মুহূর্তে টিউশন ফি বা বৈদেশিক মুদ্রার ব্যবস্থা করেন, যা বড় ধরনের ভুল হতে পারে। কারণ, বিশ্ববিদ্যালয়ের ফি জমা দেওয়ার নির্দিষ্ট তারিখের সাথে মুদ্রা বাজারের অস্থিরতার কোনো সম্পর্ক থাকে না। ফলে ভিসা পাওয়ার পর বা ফি পরিশোধের ঠিক আগে মুদ্রার বিনিময় হার প্রতিকূল হলে শিক্ষার্থীকে অপ্রত্যাশিতভাবে বাড়তি অর্থ ব্যয় করতে হয়।
শিক্ষাঋণের ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অনেক ব্যাংক বা ঋণদাতা প্রতিষ্ঠান শিক্ষাঋণের পাশাপাশি বিদেশে অর্থ পাঠানোর সুবিধা প্রদান করে। যদিও এই প্রক্রিয়াটি সহজ, তবে এটিই যে সবচেয়ে সাশ্রয়ী হবে তার কোনো নিশ্চয়তা নেই। বিভিন্ন ব্যাংক বা সেবাদাতাদের সার্ভিস চার্জ, বিনিময় হার এবং অতিরিক্ত মার্জিনের তুলনা করা প্রয়োজন। বড় অঙ্কের অর্থ লেনদেনের ক্ষেত্রে বিনিময় হারের সামান্য ১ শতাংশ পার্থক্যও দীর্ঘ মেয়াদে বড় ধরনের আর্থিক প্রভাব ফেলতে পারে।
বিদেশে পড়াশোনার খরচ মূলত দুটি ভাগে বিভক্ত: টিউশন ফি এবং জীবনযাত্রার ব্যয়। টিউশন ফি সাধারণত বড় অঙ্কের হয় এবং এটি নির্দিষ্ট সময় পরপর পরিশোধ করতে হয়, যার জন্য আগে থেকেই সঞ্চয় করা সম্ভব। বিপরীতে বাসাভাড়া, খাবার, যাতায়াত এবং মোবাইল বিলের মতো দৈনন্দিন খরচগুলো নিয়মিত এবং পরিবর্তনশীল হয়।
অর্থ পাঠানোর মাধ্যম নির্বাচনের ক্ষেত্রেও ভিন্নতা থাকা প্রয়োজন। বড় অঙ্কের টিউশন ফি পরিশোধের জন্য ব্যাংক রেমিট্যান্স সুবিধাজনক হতে পারে, অন্যদিকে দৈনন্দিন ছোটখাটো খরচের জন্য ফরেক্স কার্ড ব্যবহার করা যেতে পারে। নগদ অর্থ বেশি পরিমাণে বহন করা ঝুঁকিপূর্ণ এবং ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ ও বিনিময় হারের বাড়তি খরচ যুক্ত হতে পারে।
এছাড়া, মাসিক বাজেটের বাইরে একটি জরুরি তহবিল (Emergency Fund) রাখা অপরিহার্য। হঠাৎ অসুস্থতা, বৃত্তির অর্থ পেতে বিলম্ব বা জরুরি প্রয়োজনে দেশে ফেরার মতো পরিস্থিতিতে এই তহবিল শিক্ষার্থীকে আর্থিক চাপ থেকে রক্ষা করে।
নতুন দেশে গিয়ে শুরুতে নিজস্ব মুদ্রার সাথে বিদেশি মুদ্রার হিসাব মেলানো শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। পণ্যের দাম এবং নিজস্ব সামর্থ্য সম্পর্কে প্রাথমিক ধারণায় ভুল হতে পারে এবং বিনিময় হারের ওঠানামায় দেশে তৈরি বাজেট পরিবর্তিত হতে পারে। সাধারণত কয়েক মাস থাকার পর শিক্ষার্থীরা বুঝতে পারেন কোন খরচগুলো কমানো সম্ভব এবং বাস্তবে কত অর্থ প্রয়োজন। পরিশেষে, বিদেশে পড়াশোনা কেবল একটি একাডেমিক ডিগ্রি অর্জন নয়, বরং এটি নিজের অর্থ পরিচালনা করার একটি দীর্ঘমেয়াদি বাস্তব প্রশিক্ষণ হিসেবে কাজ করে।




