জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের জন্য গ্রীষ্মকালীন কোর্সের আবেদন প্রক্রিয়া শুরু করেছে জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (ডিএএডি)। ১৯২৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি বিশ্বের নানা প্রান্তের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তি ও কোর্সের ব্যবস্থা করে থাকে। বর্তমানে ডিএএডির অধীনে যে গ্রীষ্মকালীন কোর্সগুলো চালু হয়েছে, সেগুলো জার্মান ভাষা, প্রযুক্তিগত ভাষা এবং আঞ্চলিক অধ্যয়ন বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞানগভীর করার লক্ষ্যে তৈরি।
প্রতিটি কোর্সের মেয়াদ চার সপ্তাহ নির্ধারণ করা হয়েছে। সপ্তাহে সর্বোচ্চ পাঁচ দিন ক্লাস পরিচালিত হবে, যেখানে মোট ২৫ ঘণ্টার বেশি পাঠদান হবে। এসব কোর্স চলবে চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে। তবে কোর্সগুলো সম্পূর্ণ জার্মান ভাষায় পরিচালিত হবে এবং এতে অনলাইনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই—শিক্ষার্থীদের সরাসরি উপস্থিত থাকতে হবে।
কোন কোন শিক্ষার্থী আবেদন করতে পারবেন? স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন। স্নাতক শিক্ষার্থীদের ক্ষেত্রে শর্ত হলো, তাদের বিশ্ববিদ্যালয়ে অন্তত দুই বছর পড়াশোনা সম্পন্ন করতে হবে। সব ডিসিপ্লিনের শিক্ষার্থীরাই আবেদনের জন্য বিবেচিত হবেন।
আবেদনকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় আর্থিক সুবিধা। কোর্সে অংশ নেওয়া শিক্ষার্থীরা এককালীন ৪৭৫ ইউরো আবাসন ভাতা এবং দেশভিত্তিক ভ্রমণ ভাতা পাবেন। তবে এই অর্থ সরাসরি শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে না গিয়ে কোর্স প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে নগদে বিতরণ করা হবে।
আবেদন করতে গেলে নির্দিষ্ট কিছু বিষয় উল্লেখ করতে হবে। যেমন—কোন কোর্সে অংশ নিতে চান, তার ভবিষ্যৎ একাডেমিক পরিকল্পনা কী—এসব স্পষ্টভাবে লিখতে হবে মোটিভেশন লেটারে। আবেদনকারীদের বাছাইয়ের সময় পূর্ববর্তী একাডেমিক সাফল্য এবং মোটিভেশন লেটারের মানকেই সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে।
সব তথ্য ও আবেদনের বিস্তারিত পদ্ধতি জানতে ডিএএডির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। উল্লেখ্য, ডিএএডি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের নিয়মিত বৃত্তি প্রদান করে থাকে, যা জার্মানিতে পড়াশোনার খরচ বহনে সহায়তা করে।



