গরমের দিনে দারুণ এক মিষ্টান্ন আমের পসেট। এটি তৈরি করতে লাগবে অল্প কিছু উপকরণ। প্রথমেই প্রয়োজন হবে দুটি পাকা আম, দুই কাপ হেভি ক্রিম বা হুইপিং ক্রিম, আধা কাপ চিনি, দুই টেবিল চামচ লেবুর রস ও সামান্য লেমন জেস্ট। সাজানোর জন্যে রাখতে পারেন কিছু আমের টুকরা।
প্রথমে আমের খোসা ও আঁটি বাদ দিয়ে ব্লেন্ড করে মসৃণ পিউরি বানিয়ে নিন। একটি সসপ্যানে ক্রিম ও চিনি একসঙ্গে মাঝারি আঁচে গরম করুন। চিনি সম্পূর্ণ গলে গেলে এবং মিশ্রণটি ফুটে উঠতে শুরু করলে চুলা বন্ধ করে ফেলুন। এরপর এই গরম মিশ্রণের সঙ্গে আমের পিউরি, লেবুর রস ও লেমন জেস্ট ভালোভাবে মিশিয়ে নিন। পুরো মিশ্রণটি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিন, তারপর ছোট ছোট গ্লাস বা বাটিতে ঢেলে দিন।
ঘরের তাপমাত্রায় ঠান্ডা হয়ে গেলে পাত্রগুলো ফ্রিজে রেখে দিন। সারারাত ফ্রিজে রাখার পর পসেট জমে শক্ত হবে। পরিবেশনের সময় ওপরে আমের ছোট টুকরা ও সামান্য লেমন জেস্ট দিয়ে সাজিয়ে ঠান্ডা অবস্থায় পরিবেশন করলে তৈরি হয়ে যাবে সুস্বাদু আমের পসেট।




