সারা দেশে পুলিশের দীর্ঘমেয়াদি তল্লাশি ও আটক কার্যক্রমে বিপুল সংখ্যক অপরাধীকে জালে বন্দী করা হয়েছে। গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত মোট ৮৮ দিন ধরে চলা এই বিশেষ ও নিয়মিত অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জন। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশেষ অভিযানে আটক হয়েছেন ৩৯ হাজার ২৬৭ জন, যেখানে সাধারণ অভিযান ও মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন বাকি ১ লাখ ২ হাজার ৭২২ জন।অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ৩২৫টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৮০২টি গুলি ও কার্তুজ, ১০৩টি ম্যাগাজিন, ৪৬টি ককটেল, সোয়া দুই কেজি গানপাউডার, ৬৩৮টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, ১৭টি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বোমা। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের তালিকায় রয়েছে ১০১টি পিস্তল, ৩৫টি শুটারগান, ৩৮টি এলজি, ১৯টি রিভলবার, ৯২টি বন্দুক, ১৫টি পাইপগান, ৭টি শটগান, ৩টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান ও ১টি পেনগান।মাদক উদ্ধারেও সাফল্য দেখিয়েছে পুলিশ। অভিযানে জব্দ করা হয়েছে ৯১ লাখ ২২ হাজার ৯৯৬টি ইয়াবা, ৯ হাজার ৮০ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৯৫ বোতল ফেনসিডিল, ৮ হাজার ২১১ বোতল বিদেশি মদ, ৪২৩ বোতল দেশি মদ ও ৮ হাজার ৫৫২ পুরিয়া গাঁজাসহ নানা ধরনের মাদক। এসব মাদক উদ্ধারের ঘটনায় দায়ের করা হয়েছে ১৭ হাজার ৬৬টি মামলা, যেখানে গ্রেপ্তার করা হয়েছে ২৪ হাজার ৮২১ জনকে।
৮৮ দিনের অভিযানে সারাদেশে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার
দেশজুড়ে গত ৮৮ দিনে পুলিশের বিশেষ ও নিয়মিত অভিযানে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় ৩২৫টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।




