সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার জাতীয় সংসদে নরসিংদী-১ আসনের সরকারি দলের সদস্য খায়রুল কবির খোকনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা একটি রিট পিটিশন নিষ্পত্তি হয়েছে, যা প্রধান শিক্ষক পদোন্নতি সংক্রান্ত ছিল। এর ফলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা পদোন্নতি প্রক্রিয়া এখন এগিয়ে নেওয়া সম্ভব হবে। তিনি উল্লেখ করেন, আগের নিয়োগ বিধিমালায় প্রধান শিক্ষক পদের ৬৫ শতাংশ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতো। কিন্তু নতুন নিয়োগ বিধিমালায় এই হার বাড়িয়ে ৮০ শতাংশ করা হয়েছে। মামলার কারণে এই বিধিমালা কার্যকর করতে বিলম্ব হয়েছিল। এখন মামলার নিষ্পত্তি হওয়ায় নতুন বিধিমালা অনুযায়ী শূন্য পদগুলো পদোন্নতির মাধ্যমে পূরণের কার্যক্রম দ্রুত শুরু হবে বলে আশ্বস্ত করেন শিক্ষামন্ত্রী।