আন্তর্জাতিক উচ্চশিক্ষা অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুসংহত করার উদ্যোগে যুক্ত হলো নতুন মাইলফলক। গত ৯ ও ১০ জুলাই ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার শেরাটন আদ্দিস হোটেলে অনুষ্ঠিত কিউএস আফ্রিকা ফোরাম ২০২৬-এ প্রতিনিধি পাঠায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। ‘স্কিলস, সিস্টেমস অ্যান্ড সাসটেইনেবিলিটি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ফোরামটি ছিল বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, মন্ত্রী, নীতিনির্ধারক ও শিক্ষাবিদদের এক মিলনমেলা। সেখানে উচ্চশিক্ষার ভবিষ্যৎ, দক্ষ জনশক্তি গঠন, মেধা সংরক্ষণ, আন্তর্জাতিক ছাত্র-শিক্ষক বিনিময়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ও টেকসই শিক্ষাব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ফোরামে এআইইউবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যাসোসিয়েট ডিন অধ্যাপক খন্দকার তাবিন হাসান এবং প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন। তাঁরা বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষা খাতের সক্ষমতা, গবেষণার সম্ভাবনা ও আন্তর্জাতিক সহযোগিতার প্রসার ঘটানোর বিষয়টি ফোরামে তুলে ধরেন। ফোরামের পাশাপাশি এআইইউবি বেশ কয়েকটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে, যা ভবিষ্যতে যৌথ গবেষণা ও শিক্ষার্থী বিনিময়ে নতুন দ্বার উন্মোচন করবে।

উল্লেখ্য, ফোরামে প্রস্তাবিত কিউএস বাংলাদেশ ফোরাম দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র্যাংকিং উন্নত করতে এবং আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্বমানের শিক্ষা ও গবেষণাচর্চার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হতে পারবে। এআইইউবির এই অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিতি জোরদার করার পাশাপাশি বৈশ্বিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।