মানুষকে ভালো পথে আহ্বান করা ও গঠনমূলক পরামর্শ দেওয়া ইসলামের একটি বিশেষ শিল্প এবং নবীদের ঐতিহ্যবাহী দায়িত্ব। পবিত্র কোরআনে ‘নসিহত’ বা উপদেশ দেওয়ার বিষয়টি অন্তত ১৩টি স্থানে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। নবী হুদ (আ.) তাঁর জাতিকে লক্ষ্য করে বলেছিলেন, “আমি আমার প্রতিপালকের বার্তা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত উপদেশদাতা।” (সুরা আরাফ, আয়াত: ৬৮) তবে পরামর্শ দেওয়ার মূল উদ্দেশ্য কখনোই কাউকে হেয় করা, অপমান করা বা নিজের জ্ঞান জাহির করা নয়; বরং অপর মানুষকে ভালো হতে সাহায্য করাই এর প্রকৃত লক্ষ্য।

এই শুভাকাঙ্ক্ষী দায়িত্ব পালনের জন্য প্রথমে ভাষার কোমলতা নিশ্চিত করতে হবে। মহানবী (সা.) বলেছেন, “নম্রতা যে বিষয়েই থাকুক না কেন, তা সেই বিষয়কে সৌন্দর্যমণ্ডিত করে তোলে; আর যা থেকে নম্রতা ছিনিয়ে নেওয়া হয়, তা ত্রুটিযুক্ত হয়ে পড়ে।” (সহিহ মুসলিম, হাদিস: ২৫৯৪) ইংরেজ কবি স্যামুয়েল টেইলর কোলরিজের ভাষায়, পরামর্শ হলো তুষারপাতের মতো; এটি যত মৃদুভাবে ঝরে পড়ে, হৃদয়ে তত দীর্ঘক্ষণ স্থায়ী হয় এবং অন্তরের গভীরে প্রবেশ করে।

ভাষার কোমলতার পাশাপাশি অন্তরের নিয়তও খাঁটি হতে হবে। পরামর্শ দেওয়ার আগে নিজের মনের নিয়ত পরীক্ষা করা আবশ্যক। আমি কি সত্যি সত্যি ওই মানুষের ভালো চাই, নাকি নিজের শ্রেষ্ঠত্ব ও জ্ঞান প্রদর্শনের ইচ্ছা পোষণ করি? কেবল মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই উপদেশ দেওয়া উচিত। নিজের ব্যক্তিগত অহংকার প্রকাশের জন্য যে কথা বলা হয়, তা শ্রোতার অন্তরে কষ্ট সৃষ্টি করে।

অপরের কথা মনোযোগ দিয়ে শোনাও একটি অপরিহার্য শর্ত। যেকোনো সমস্যার সমাধান দেওয়ার আগে পুরো বিষয়টি গভীরভাবে বোঝা প্রয়োজন। পরিস্থিতি আমরা দূর থেকে যেমন দেখি, তা সবসময় বাস্তবতার সঙ্গে মেলে না। আগে মন দিয়ে শুনলে অপর মানুষের সঙ্গে একটি মানসিক ও আত্মিক সংযোগ গড়ে ওঠে। কথা না শুনে চট করে সিদ্ধান্ত বা উপদেশ দিলে তা ভুল হওয়ার ঝুঁকি বেড়ে যায়। একই সঙ্গে, হঠাৎ করে অনাহূত পরামর্শ দেওয়া অনেক সময় সম্পর্কের অবনতি ঘটায়। তাই কথা বলার আগে সম্মতি নেওয়া উচিত — যেমন, “আমি কি এ বিষয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে পারি?” এটি অন্য মানুষের প্রতি সম্মান প্রদর্শন করে। কথা শুরুর সময় সরাসরি ভুল না ধরে আগে তার ভালো দিকগুলোর প্রশংসা করা উচিত। এতে অপর মানুষটির মন শিথিল হয় এবং সে খোলামনে পরামর্শ গ্রহণ করতে পারে।

উপদেশের গোপনীয়তা রক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে পরামর্শ দেওয়ার নাম করে তার ব্যক্তিগত জীবন বা গোপন বিষয় নিয়ে খোঁড়াখুঁড়ি করা ইসলামে নিষিদ্ধ। মহানবী (সা.) সতর্ক করে বলেছেন, “যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের গোপন ত্রুটি খুঁজে বেড়ায়, আল্লাহ তার গোপন ত্রুটি প্রকাশ করে দেন।” (সুনানে তিরমিজি, হাদিস: ২০৩২) তাই উপদেশ দেওয়ার সবচেয়ে বড় শর্ত হলো তাকে একান্তে বলা। ইমাম গাজালি (রহ.) বলেছেন, উপদেশ ও কটূক্তির মধ্যে প্রধান পার্থক্য হলো উপদেশ দেওয়া হয় একান্তে ও নম্রভাবে, আর প্রকাশ্যে ভুল ধরিয়ে দেওয়া হলো এক ধরনের কটূক্তি। ইমাম শাফেয়ি (রহ.) আরও স্পষ্ট করে বলেছেন, “যে ব্যক্তি তার ভাইকে গোপনে সংশোধন করে, সে তাকে উপদেশ দিল; আর যে প্রকাশ্যে সংশোধন করতে যায়, সে তাকে মূলত লজ্জিত ও হেয় করল।”

মতামত চাপিয়ে দেওয়াও অনুচিত। দার্শনিক ইবনে হাজাম আন্দালুসি (রহ.) বলেছেন, “অনুরোধ বা পরামর্শ এই শর্তে দেওয়া উচিত নয় যে তা মানতেই হবে। এর বাইরে গেলে তা উপদেশ থাকে না; বরং তা হয় কর্তৃত্ব ও আনুগত্য আদায়ের জোরজুলুম।” (আল-আখলাক ওয়াস-সিয়ার ফি মুদাওয়াতির নুফুস) উপদেশদাতার নিজের জীবনে যদি সেই কথার প্রতিফলন না থাকে, তবে সেই উপদেশের প্রভাব অন্যদের ওপর পড়ে না। মহান আল্লাহ কোরআনে বলেছেন, “আল্লাহর কাছে এটি অত্যন্ত অপছন্দনীয় যে তোমরা তা বলো, যা তোমরা নিজেরা করো না।” (সুরা সাফ, আয়াত: ৩)

সাহাবি জারির ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, “আমি নবীজির হাতে ইসলাম গ্রহণের বায়াত বা শপথ নিয়েছিলাম এই শর্তে যে—আমি নামাজ কায়েম করব, জাকাত দেব এবং প্রতিটি মুসলিমের কল্যাণকামী হবো ও ভালো পরামর্শ দেব।” (সহিহ বুখারি, হাদিস: ৫৭) খলিফা ওমর ইবনে আবদুল আজিজ (রহ.)-এর মতে, যে ব্যক্তি নিজের জীবন শুধরে ভাইকে ধর্মীয় বিষয়ে পরামর্শ দেয়, সে সর্বোত্তম উপহার প্রদান করল। মহানবী (সা.) বলেছেন, “এক মুমিন অপর মুমিনের জন্য আয়নাস্বরূপ।” (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯১৮) এই শিক্ষাগুলো থেকে বোঝা যায়, সম্পর্ক বজায় রেখে, নম্রতা ও বিচক্ষণতার সঙ্গে সঠিক উপায়ে উপদেশ দেওয়াই হলো প্রকৃত কল্যাণকামিতার প্রকাশ এবং মুমিনের চরিত্রের অবিচ্ছেদ্য অংশ।