ইতিহাসচর্চায় বড় ঘটনাগুলো যেমন গুরুত্ব পায়, তেমনি আড়ালে থেকে যায় সাধারণ দিনগুলো এবং মনের ভেতরের ধীর পরিবর্তন। মহানবীর জীবনী নিয়েও সেই একই চিত্র। নবুয়তের পরবর্তী ২৩ বছরের প্রধান ঘটনাগুলো এত বেশি জায়গা দখল করে নেয় যে রাসুলের পূর্ণ ৬৩ বছরের জীবন পাঠকের কাছে বিচ্ছিন্ন কয়েকটি অধ্যায়ের মতো মনে হয়। এই ঘাটতি পূরণের চেষ্টা করেছে সিরাত গবেষক মুতাছিম বিল্লাহর নতুন বই ‘এক নজরে সীরাত’।

গ্রন্থটির মূল বৈশিষ্ট্য হলো নবীজির জীবনকে একটানা ক্যানভাসে সাজানো। সূচিপত্রে দেখা যায়, নবুয়তের পূর্বের বছরগুলো ‘হিজরী পূর্ব’ হিসেবে চিহ্নিত করে প্রতিটি বছরের একটি নাম দেওয়া হয়েছে—যেমন ‘সততা ও আস্থার বছর’, ‘আমানত বহনের বছর’, ‘কৌশল, পরিকল্পনা ও প্রস্তুতির বছর’—এভাবে হিজরতের পরবর্তী বছরগুলোতেও প্রবাহ অব্যাহত। প্রতিটি বছরের বর্ণনার ভেতরে রয়েছে ৩৬টি নির্দিষ্ট বিভাগ। কোথায় ছিলেন, কী খেতেন, কেমন পোশাক পরতেন, কার সাথে সময় কাটাতেন, প্রধান ঘটনা ও তার কারণ, মানসিক অবস্থা, এবং সবশেষে ‘আজকের জন্য বার্তা’—এই কাঠামো পুরো বইকে একটি গোছানো ও পাঠকবান্ধব রূপ দিয়েছে।

হিজরতের পূর্ববর্তী বছর, অর্থাৎ নবীজির ৫৩তম বছরকে ‘কৌশল, পরিকল্পনা ও প্রস্তুতির বছর’ নামে বইটিতে চিত্রিত করা হয়েছে। আকাবার শপথ, মুসআব ইবনে উমাইরকে মদিনায় প্রেরণ, সা’দ ইবনে উবাদাহর বন্দীত্ব ও মুক্তি—প্রতিটি তথ্যের সাথে উৎস বইয়ের পৃষ্ঠা নম্বরও দেওয়া আছে। একই সাথে সেই বছরের বয়স-ভিত্তিক নকশা, শারীরিক ও চারিত্রিক বৈশিষ্ট্য, পোশাকের বিবরণ, নৈতিক গুণাবলির তালিকা, কারণ-ফল ছক, নাজিল হওয়া আয়াত, ভবিষ্যদ্বাণী পূরণের বর্ণনা এবং একটি কেস স্টাডি স্থান পেয়েছে।

বইটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো পাঠকের বয়সের সাথে মিলিয়ে পড়ার সুবিধা। নিজের বর্তমান বয়সে পৌঁছে পাঠক দেখতে পারেন সেই বয়সে নবীজি কী পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন এবং ধৈর্যের সাথে কীভাবে মোকাবিলা করেছিলেন। এতে সিরাত শুধু অতীতের ঘটনা নয়, বরং নিজের জীবনের কাছাকাছি অনুভূত হয়। ‘সীরাত জার্নি নোটবুক’ নামে একটি সংযোজন পাঠককে পড়া শেষে নিজের অনুভূতি ও শিক্ষা লিখে রাখার সুযোগ দেয়, যাতে পাঠটি নিষ্ক্রিয় না থেকে সক্রিয় চর্চায় রূপ নেয়।

রঙিন ছক, ছোট নকশা এবং বাক্সে ভাগ করা তথ্যের উপস্থাপনা বইটিকে দৃষ্টিনন্দন ও সহজবোধ্য করেছে। বিশেষত তরুণ পাঠকদের কাছে এটি সাধারণ টেক্সট-নির্ভর সিরাত বইয়ের চেয়ে বেশি আকর্ষণীয় হতে পারে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি ভূগোল, মনোবিজ্ঞান, সমাজ ও নেতৃত্বের দিকগুলোও বইটিতে আলোচিত হয়েছে, যা এটিকে একমাত্রিকতা থেকে মুক্ত করেছে। তবে এই ব্যাপক কাঠামোবদ্ধতার একটি ঝুঁকিও রয়েছে—অতিরিক্ত তথ্য ও ছকের চাপে সিরাতের গাম্ভীর্য ও ভাষার সৌন্দর্য মাঝে মাঝে যান্ত্রিক লাগতে পারে। সিরাতের ঘটনাগুলোর সাল-তারিখ নিয়ে মতভেদ থাকায় একটি নির্দিষ্ট টাইমলাইনে সবকিছু বসাতে গেলে কিছু সরলীকরণ হয়তো ঘটেছে। লেখক নিজেও শুরুতে সতর্ক করে দিয়েছেন যে বয়সভিত্তিক বিন্যাস পাঠকের সুবিধার জন্য, নির্দিষ্ট বছরের সরাসরি বর্ণনা হিসেবে নেওয়া ঠিক হবে না।

‘আজকের জন্য বার্তা’ অংশে ব্যবসা ও স্টার্টআপ জগতের শব্দ ব্যবহার—যেমন ‘স্কিন ইন দ্য গেম’, ‘স্টিলথ মোড’, ‘পিভট করা’—তরুণ পাঠকদের কাছে বার্তাগুলোকে সমসাময়িক করে তুললেও কিছু পাঠকের কাছে এতে নবীজীবনের গভীর শিক্ষার সরলীকরণ হয়েছে বলে মনে হতে পারে। মুদ্রণগত কিছু প্রমাদও প্রথম সংস্করণে রয়েছে, যা স্বাভাবিক। সব মিলিয়ে ‘এক নজরে সীরাত’ ধ্রুপদী সিরাত গ্রন্থের বিকল্প নয়, বরং সেই বিশাল জ্ঞানভাণ্ডারে প্রবেশের একটি সহজ, সুন্দর দরজা। কঠিন পরিভাষা সহজ ভাষায় উপস্থাপনের ফলে গবেষক থেকে নতুন পাঠক পর্যন্ত সবাই উপকৃত হতে পারবেন। পুরনো ঐতিহ্য ও নতুন উপস্থাপনার এই সমন্বয় নবীজীবনকে ধারাবাহিকভাবে জানতে আগ্রহী পাঠকদের জন্য একটি কার্যকর মানচিত্র হিসেবে কাজ করবে।