পার্থিব জীবনকে ইসলামি দৃষ্টিতে ক্ষণস্থায়ী ও পরীক্ষার ক্ষেত্র হিসেবে দেখা হয়। চিরন্তন সাফল্য অর্জনের মূল চাবিকাঠি হলো মহান আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ। মুমিনরা সৎকাজ ও বিভিন্ন ইবাদতের মাধ্যমে এই লক্ষ্য অর্জনের প্রচেষ্টা চালিয়ে যান। এই পথে মহানবী (সা.) এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যা আন্তরিক বিশ্বাসের সঙ্গে পাঠ করলে জান্নাত পাওয়ার পথ সহজ হয়ে যায়। আবু সাঈদ খুদরি (রা.) বর্ণিত হাদিসে মহানবী (সা.) বলেছেন, যে ব্যক্তি বলবে, ‘রজীতু বিল্লাহি রব্বান, ওয়া বিল-ইসলামি দীনান, ওয়া বি-মুহাম্মাদিন রসূলান’—তার জন্য জান্নাত সুনিশ্চিত হয়ে যায়। (সুনানে আবু দাউদ, হাদিস: ১৫২৯)। দোয়াটির অর্থ হলো: আমি সন্তুষ্টচিত্তে আল্লাহকে প্রতিপালক, ইসলামকে ধর্ম এবং মুহাম্মদ (সা.)-কে রাসুল হিসেবে গ্রহণ করেছি।

মাত্র তিনটি ছোট বাক্য, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে বিশাল সুসংবাদ। এই মহামূল্যবান ওয়াদা অর্জনের জন্য মহানবী (সা.) কোনো কঠিন শর্ত আরোপ করেননি—বিপুল ধনসম্পদ, উচ্চ সামাজিক অবস্থান বা কঠোর শারীরিক সাধনার প্রয়োজন নেই। তিনি শুধু শর্ত রেখেছেন অন্তরের একনিষ্ঠতা ও পরম সন্তুষ্টির। ইসলামি জীবনদর্শনের তিনটি মূল স্তম্ভ এই ছোট্ট দোয়ার তিনটি বাক্যে নিহিত। প্রথমত, আল্লাহকে ‘রব’ হিসেবে মানা—অর্থাৎ সৃষ্টিকর্তার সিদ্ধান্ত, ফয়সালা এবং জীবনের তাকদিরের প্রতি পূর্ণ সন্তুষ্ট থাকা। জীবনে সুখ বা দুঃখ যাই আসুক, স্রষ্টার প্রতি কোনো অনুযোগ না করে তাঁর করুণার ওপর ভরসা রাখাই এর প্রকৃত প্রমাণ। দ্বিতীয়ত, ইসলামকে জীবনবিধান হিসেবে গ্রহণ করা—জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের নির্দেশনা সানন্দে মেনে চলা এবং এতে আত্মিক প্রশান্তি খুঁজে পাওয়াই ‘ইসলামকে ধর্ম হিসেবে পাওয়ার সন্তুষ্টি’। তৃতীয়ত, নবীজিকে রাসুল হিসেবে জানা—তার দেখানো পথকেই জীবনের একমাত্র সঠিক পথ মনে করা এবং সুন্নাহ অনুসরণ করে আনন্দ লাভ করা।

দোয়াটি পাঠের জন্য কিছু বিশেষ মুহূর্ত রয়েছে। আজান শোনার পর এই বাক্যটি পাঠ করলে গুনাহ মাফ হওয়ার সুসংবাদ এসেছে। (সহিহ মুসলিম, হাদিস: ৩৮৬)। এছাড়াও সকাল ও সন্ধ্যার জিকিরের মধ্যে এটি পাঠের ফজিলত রয়েছে। নবীজি (সা.) বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় তিনবার এই বাক্যটি বলবে, কেয়ামতের দিন তাকে সন্তুষ্ট করা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। (সুনানে আবু দাউদ, হাদিস: ৫০৭২)। বিশেষত ঘুম থেকে উঠে এবং সন্ধ্যায় কাজ শেষে তিনবার পাঠ করার অভ্যাস গড়ে তোলা যেতে পারে। শেষ রাত কিংবা আজান ও একামতের মধ্যবর্তী সময়ে—যে সময়গুলোতে দোয়া কবুলের সম্ভাবনা বেশি—সেখানেও এই দোয়া পাঠ করা উত্তম।