পর্যটনের সংজ্ঞায় এবার যুক্ত হলো নতুন মাত্রা। দর্শনীয় স্থান দেখা, ঘোরাঘুরি বা বিলাসবহুল হোটেলে থাকা—এসবের বদলে এখন অনেকে ভ্রমণে বেরিয়ে পড়েন নিশ্চিন্তে ঘুমানোর জন্য। এই নতুন ধারাটিই পরিচিত হচ্ছে ‘স্লিপ ট্যুরিজম’ নামে। গত কয়েক বছরের মধ্যে উল্লেখযোগ্য হারে বেড়েছে এর জনপ্রিয়তা। একসময় বেড়াতে গিয়ে ঘুমিয়ে সময় কাটানো ছিল যেন অপচয়। সকালে উঠেই ঘুরতে বেরিয়ে পড়া, সারাদিন চোখে চোখে রেখে শহর দেখা, আর রাতে ফিরে ক্লান্ত শরীরে ঘুম—এটাই ছিল ভ্রমণের প্রচলিত রুটিন। তবে সেই দৃশ্যপট এখন বদলাচ্ছে। কাজের চাপ, যানজট আর পারিবারিক দায়িত্বের ভিড় থেকে মুক্তি পেতে অনেকেই ছুটির দিনগুলোতে আর বাড়তি ব্যস্ততা খোঁজেন না। বরং সেই সময়টুকু তারা ব্যয় করতে চান আরাম ও প্রশান্তিতে। ঘুমকেন্দ্রিক পর্যটনে মূল ফোকাস থাকে ঘুমের মান উন্নত করা। কেউ কেউ ঘুমের কৌশল শেখার জন্য বেছে নিচ্ছেন বিশেষ রিট্রিট। আবার অনেকে স্পা, মেডিটেশন বা নানা ধরনের প্রশান্তিমূলক সেবার জন্য যাচ্ছেন নির্দিষ্ট গন্তব্যে। ভারতীয় বাজার গবেষণা প্রতিষ্ঠান এইচটিএফ মার্কেট ইন্টেলিজেন্সের ২০২৪ সালের হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে এই খাতের আকার ৬৯০ বিলিয়ন ডলারের বেশি। তাদের পূর্বাভাস, ২০২৪ থেকে ২০২৮ সালের মধ্যে এ বাজার আরও ৪০০ বিলিয়ন ডলার বাড়তে পারে। ব্রিটিশ ঘুম ও স্বপ্নবিষয়ক বিশেষজ্ঞ চার্লি মর্লে বলছেন, দীর্ঘদিন ধরেই মানুষ খাদ্য ও শরীরচর্চার দিকে নজর দিয়ে আসছেন। এখন সেই ধারার পরবর্তী গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ঘুম। মেক্সিকোর তুলুমের নোমাদে হোটেল এবং লন্ডনের কিম্পটন ফিটজরয়সহ একাধিক হোটেলে ঘুমবিষয়ক কার্যক্রম নিয়ে কাজ করেছেন তিনি। তাঁর মতে, হোটেলগুলোও এই বিষয়টির গুরুত্ব এখন বুঝতে শুরু করেছে। কাজের চাপ বা সন্তানদের দায়িত্ব থেকে কিছুটা বিরতি নিতে চান মানুষ। এই সময়টাই তাদের জন্য প্রকৃত ছুটি, যেখানে ভালো ঘুমই মুখ্য। প্রযুক্তির সঙ্গে মিশে যাচ্ছে ঘুমের অভিজ্ঞতাও। মর্লের ‘রুম টু ড্রিম’ প্যাকেজটি তার উদাহরণ। কিম্পটন ফিটজরয়ের সঙ্গে যৌথ এই উদ্যোগে অতিথিরা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ‘লুসিড ড্রিমিং’-এর অভিজ্ঞতা নিতে পারেন। ভিআর হেডসেটে নির্দেশিত ধ্যান এবং বিশেষ হারবাল চা পান করার পর ঘুমানোর প্রস্তুতি নেন তারা। সকালে উঠে স্বপ্নের বর্ণনা দিলে সেই অনুযায়ী ছবি তৈরি করে দেয় এআই। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে স্মার্ট বেডের মতো প্রযুক্তি ঘুমের গুণগত মান ও সময় নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে কার্যকর পরামর্শ দেবে। গেমের মতো আকর্ষণীয় মাধ্যমেও ঘুমের অভ্যাস গড়ে তোলা যেতে পারে। তবে প্রযুক্তি যতই উন্নত হোক, স্লিপ ট্যুরিজমের মূল আকর্ষণ থাকবে ব্যস্ত জীবন থেকে সরে এসে নিশ্চিন্তে বিশ্রাম নেওয়া। ঘুমের জন্য অনুকূল পরিবেশ তৈরির চেষ্টাই এই ধরনের পর্যটনের অন্যতম লক্ষ্য। আরামদায়ক বিছানা, মানসম্মত ম্যাট্রেস ও বালিশ, শব্দহীন ঘর—এইসব ‘স্লিপ হাইজিন’ বা স্বাস্থ্যকর ঘুমের অভ্যাসের অংশ। গবেষণা বলছে, নিয়মিত এসব অভ্যাস মেনে চললে ঘুমের মান ও সময়—দুই-ই উন্নত হয়। তবে হোটেলে গিয়ে ঘুম ভালো হওয়ার পেছনে বাস্তবিক একটি কারণ হলো ছুটির সময়ে দৈনন্দিন ব্যস্ততা ও ঝামেলা থেকে দূরে থাকা। বাড়ির চেনা পরিবেশে কাজের শব্দ, নির্মাণকাজের আওয়াজ কিংবা শিশুর কারণে ঘুম ভাঙার মতো ঘটনা তখন ঘটে না। ফলে ভালো ঘুমের জন্য ব্যয়বহুল হোটেল বা বিশেষ পরিষেবার প্রয়োজন পড়ে না। শান্ত পরিবেশ, আরামদায়ক বিছানা আর চিন্তামুক্ত মন—এই তিনটি উপকরণই আসলে ভালো ঘুমের জন্য যথেষ্ট। অল্প সময়ের জন্য ঘুমের ঘাটতি পুষিয়ে নেওয়া সম্ভব বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কম ঘুম হলে শরীরে ‘স্লিপ প্রেশার’ তৈরি হয়, ফলে পরের রাতে ঘুম তাড়াতাড়ি চলে আসে এবং সময়ও বেড়ে যায়। তবে এতে আগের রাতের ক্লান্তির সব প্রভাব কেটে যায় না। শরীর ও মস্তিষ্কের পুনরুদ্ধারে ভালো ঘুমের বিকল্প নেই। ছুটির দিনগুলোতে ঘুম বেশি হলেও তা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর ঘুমের বিকল্প নয়। ছুটির পর হঠাৎ করে ঘুমের সময়সূচি বদলে গেলে ‘সোশ্যাল জেট ল্যাগ’ দেখা দিতে পারে। কর্মদিবসের রুটিন আর ছুটির দিনের দেরিতে ওঠার অভ্যাস শরীরের জৈবিক ঘড়িতে ব্যাঘাত ঘটায়। ফলে সপ্তাহের শুরুতে ক্লান্তি আর বিরক্তি কাজ করতে পারে। তাই ঘরেই ‘স্লিপ হলিডে’ কাটাতে চাইলে কয়েকটি সহজ নিয়ম মানার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সন্ধ্যার পর ঘরের আলো কমিয়ে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিন এড়িয়ে চলা, ভালো মানের বালিশ ও ম্যাট্রেস দিয়ে বিছানা আরামদায়ক করা, ঘর অন্ধকার ও ঠান্ডা রাখা, ঘুমের আগে হালকা গরম পানিতে গোসল বা বই পড়ার মতো শান্তিদায়ক কাজ করা এবং প্রতিদিন একই সময়ে ঘুমানো ও ওঠার অভ্যাস গড়ে তোলা—এই অভ্যাসগুলোই দীর্ঘমেয়াদে ভালো ঘুমের চাবিকাঠি হতে পারে।
নতুন ভ্রমণধারা ‘স্লিপ ট্যুরিজম’: ব্যস্ততা ছেড়ে বিশ্রামই এখন মূল আকর্ষণ
ভ্রমণের নতুন ধারা হিসেবে জনপ্রিয় হচ্ছে স্লিপ ট্যুরিজম। যেখানে দর্শনীয় স্থান নয়, বরং ভালো ঘুমই মূল লক্ষ্য। বিশ্ববাজার ৬৯০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। হোটেলগুলোও এখন ঘুমকেন্দ্রিক সেবা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এতে শরীর-মন দুই-ই সতেজ হয়।




