আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় পর্যায়ে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে এ সমন্বয় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।

দাম বৃদ্ধির ফলে বাজারে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। গত বুধবার পর্যন্ত যা ছিল ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। এর আগে গত ১৫ আগস্টও সোনার দাম বাড়ানো হয়েছিল, তখন প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা বেড়েছিল।

নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৬১৬ টাকা বেড়ে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা হয়েছে। অপরদিকে ১৮ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকায় দাঁড়িয়েছে। একইসঙ্গে সনাতন পদ্ধতির সোনার দামও ২ হাজার ৫৬৬ টাকা বেড়েছে, যা এখন প্রতি ভরিতে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

এদিকে সোনার পাশাপাশি রুপার দামও সমন্বয় করা হয়েছে। ২২ ক্যারেটের রুপার দাম ভরিতে ২৩৩ টাকা বেড়ে ৫ হাজার ৩০৭ টাকা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। সেদিন এক ধাক্কায় ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায় সোনার দাম।