জীবনের পথচলায় মাঝে মাঝে প্রবৃত্তির প্ররোচনায় মানুষ পাপের অন্ধকারে নিমজ্জিত হয়। তবে এই অন্ধকার কি শুধুই ধ্বংসের বার্তা বহন করে, নাকি এর মাঝেই লুকিয়ে আছে এক অপরূপ রহমতের আলো? ত্রয়োদশ শতাব্দীর প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও সুফি সাধক শেখ আহমদ ইবনে আতাউল্লাহ সিকান্দারির একটি বিখ্যাত উক্তি এই প্রশ্নের এক গভীর উত্তর দেয়। তাঁর মতে, পাপের অন্ধকার মেঘ নেমে আসে মূলত এই কারণে যে, আল্লাহ বান্দাকে জানাতে চান তিনি কতটা নিয়ামত ও অনুগ্রহের আলো দানে ধন্য করেছেন।

ইবনে আতাউল্লাহ (রহ.) ১২৫৮ খ্রিস্টাব্দে মিসরের আলেক্সান্দ্রিয়ায় জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে কায়রোতে বসবাস করেন। তিনি মালেকি মাজহাবের একজন ফকিহ (আইনজ্ঞ) এবং শাজিলি সুফি তরিকার তৃতীয় প্রধান শায়খ হিসেবে পরিচিত। তাসাউফ ও আত্মশুদ্ধি সংক্রান্ত তাঁর রচনা মুসলিম বিশ্বে অমর হয়ে আছে। তাঁর ভাষায়, পাপের কারণে অন্তরে যে গ্লানি ও অস্থিরতা সৃষ্টি হয়, তা হলো 'অন্ধকার'। আর আল্লাহর প্রতি ভালোবাসা ও ভক্তি থেকে সৃষ্ট প্রশান্তিই হলো 'আলো'। এই আলো ও অন্ধকার একসাথে থাকে না। যখন একজন বিশ্বাসী পাপ করে, তখন তার অন্তরে তীব্র অস্বস্তি শুরু হয়, যা তাকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় বাধ্য করে।

পাপ করেও যে মানুষ আল্লাহর প্রিয় হতে পারে, তা বোঝাতে গিয়ে ইবনে আতাউল্লাহ ব্যাখ্যা করেছেন যে, একটি পাপের বিপরীতে বান্দা দুটি মহান নেয়ামত লাভ করে। প্রথমত, আল্লাহ তাকে ক্ষমা করেন এবং তার তওবা কবুল করেন। দ্বিতীয়ত, বান্দা গভীরভাবে উপলব্ধি করতে পারে যে আল্লাহ তাকে কতটা ভালোবাসেন ও যত্ন নেন, কারণ তিনি তাকে পাপের অন্ধকারে ফেলে রাখেননি বরং অনুশোচনার মাধ্যমে তাকে টেনে বের করে এনেছেন। দ্বিতীয় নেয়ামতটি প্রথমটির চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়, কারণ আল্লাহর দয়া না থাকলে পাপী নিজেকে পাপে সুখী মনে করে ধ্বংসের দিকে এগিয়ে যেত।

বিষয়টি সহজভাবে বোঝার জন্য দুটি মানুষের উদাহরণ দেওয়া যেতে পারে। প্রথম ব্যক্তি অনায়াসে পাপ করে এবং তাতে কোনো অপরাধবোধ অনুভব করে না; বরং আনন্দ পায়। তাকে তার প্রবৃত্তির ওপর ছেড়ে দেওয়া হয়েছে, যা তাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায়। দ্বিতীয় ব্যক্তি ভুলক্রমে পাপে জড়িয়ে পড়ার পর অন্তরে প্রচণ্ড অপরাধবোধ ও অস্থিরতা অনুভব করে। সে অবিলম্বে মুক্তি পেতে আল্লাহর কাছে কান্না করে। স্পষ্টতই, দ্বিতীয় ব্যক্তির ওপর আল্লাহর বিশেষ রহমত রয়েছে, কারণ তিনি তার অন্তরে পাপের প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন, যাতে সে তাঁর দিকে ফিরে আসতে পারে।

প্রকাশ্যে পাপ করাই একমাত্র বাধা যা এই রহমত থেকে মানুষকে বঞ্চিত করে। মহানবী (সা.) বলেছেন, 'আমার উম্মতের সকল ব্যক্তির অপরাধ ক্ষমা করা হবে, শুধু তারা ব্যতিরেকে যারা প্রকাশ্যে পাপ করে।' সহিহ বুখারির হাদিসে (৬০৬৯) বলা হয়েছে, একজন ব্যক্তি রাতে একটি অন্যায় কাজ করল, যা আল্লাহ গোপন রাখলেন; কিন্তু সকালে উঠে সে তা লোকজনকে বলে বেড়াল। এইভাবে সে নিজেই আল্লাহর গোপন রাখার পর্দা তুলে দিল।

কিন্তু যে বান্দা বিনয়ী ও খাঁটি মনে আল্লাহর দরবারে ফিরে আসে, তার জন্য ক্ষমার কোনো সীমা নেই। হাদিসে কুদসিতে আল্লাহ ঘোষণা করেছেন, 'হে আদমসন্তান, তুমি যতক্ষণ আমাকে ডাকবে এবং আমার কাছে আশা রাখবে, আমি তোমাকে ক্ষমা করে দেব—তা তোমার পাপ যতই বেশি হোক না কেন। তুমি যদি পৃথিবী ভরা পাপ নিয়েও আমার কাছে আসো এবং আমার সঙ্গে কাউকে শরিক না করো, তবে আমি পৃথিবী ভরা ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব।' (সুনানে তিরমিজি, হাদিস: ৩৫৪০)

শেষ পর্যন্ত, পাপের পর অনুশোচনা ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। এই দৃষ্টিভঙ্গি ইবনে আতাউল্লাহর রচনায় গভীরভাবে প্রতিফলিত হয়েছে, যা আজও মুসলিম বিশ্বে আলোচিত ও সমাদৃত।