সাইবার অপরাধের শিকার নাগরিকদের জন্য একটি কেন্দ্রীয় অভিযোগ জানানোর ব্যবস্থা চালু করেছে সরকার। ‘সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম (সিআইআরএস)’ নামের এই প্ল্যাটফর্মে ফেসবুক আইডি হ্যাক, অনলাইন প্রতারণা, ব্যক্তিগত তথ্য ফাঁস, পরিচয় চুরি, ক্ষতিকর কনটেন্ট ও গুজব ছড়ানোর মতো বিভিন্ন ঘটনার অভিযোগ জানানো যাবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের এক অনুষ্ঠানে এই সিস্টেমের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির (এনসিএসএ) অধীনে পরিচালিত এই ওয়েবভিত্তিক প্ল্যাটফর্মে report.ncsa.gov.bd ঠিকানায় গিয়ে ব্যক্তি, প্রতিষ্ঠান বা অনুমোদিত ব্যবহারকারীরা সরাসরি অভিযোগ করতে পারবেন। অভিযোগ জমা দেওয়ার সময় ঘটনার বিবরণ, সময়, ক্ষতির ধরন, স্ক্রিনশট, ছবি বা প্রাসঙ্গিক লিংক সংযুক্ত করা যাবে। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে একটি ইউনিক কমপ্লেইন্ট আইডি তৈরি করবে, যা দিয়ে অভিযোগকারী পরবর্তীতে নিজের অভিযোগের অগ্রগতি জানতে পারবেন।
অভিযোগ পাওয়ার পর প্রথমে উপজেলা পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তা যাচাই করবেন এবং প্রয়োজনীয় তথ্য চাইবেন। উপজেলা স্তরে সমাধান সম্ভব না হলে অভিযোগটি জেলা পর্যায়ে, এবং জটিল বা জাতীয় গুরুত্বের ঘটনা সরাসরি জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সিতে পাঠানো হবে। পুরো প্রক্রিয়াটি রিপোর্ট গ্রহণ, যাচাই, বিশ্লেষণ, এসকেলেশন, প্রতিক্রিয়া, পর্যবেক্ষণ ও নিষ্পত্তি—এই ধাপগুলো অনুসরণ করে সম্পন্ন হবে।
আইসিটি বিভাগের কর্মকর্তারা জানান, আগে বিভিন্ন সাইবার অপরাধের অভিযোগ জানাতে নাগরিকদের আলাদা আলাদা সংস্থার দ্বারস্থ হতে হতো। নতুন প্ল্যাটফর্মে একটি কেন্দ্রীয় ব্যবস্থার মাধ্যমে অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি প্রক্রিয়া সহজ হবে। একই সঙ্গে কোন ধরনের সাইবার অপরাধ বেশি ঘটছে, কোথায় ঝুঁকি বাড়ছে বা কী ধরনের প্রবণতা তৈরি হচ্ছে—সেগুলো বিশ্লেষণ করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ই-কমার্স ও সরকারি সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সাইবার হামলা, তথ্য চুরি, র্যানসমওয়্যার ও অনলাইন প্রতারণার ঝুঁকিও বেড়েছে। এই বাস্তবতায় সিআইআরএস চালুর মাধ্যমে নাগরিক ও প্রতিষ্ঠানগুলো সহজে ও দ্রুত সাইবার ঘটনার অভিযোগ জানাতে পারবেন। তিনি আরও বলেন, এটি শুধু অভিযোগ গ্রহণের প্ল্যাটফর্ম নয়, বরং নাগরিক ও রাষ্ট্রের মধ্যে আস্থা তৈরির একটি উদ্যোগ।
একই অনুষ্ঠানে ‘ন্যাশনাল রেটিং সিস্টেম (এনআরএস)’ নামে আরেকটি ব্যবস্থা উদ্বোধন করা হয়। এটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা সক্ষমতা মূল্যায়নের জন্য তৈরি করা হয়েছে। চারটি প্রধান স্তম্ভ ও ১৩১টি মূল্যায়ন সূচকের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে এ থেকে ই পর্যন্ত গ্রেড দেওয়া হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তার দুর্বলতা চিহ্নিত করা, উন্নয়ন পরিকল্পনা নেওয়া এবং নিরাপদ ডিজিটাল সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান ও বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব) এমদাদ উল বারী। সভাপতিত্ব করেন আইসিটি সচিব মো. মামুনুর রশীদ ভূঞা।


