সিলেট নগরের কাজিরবাজার সেতুর ওপর ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রিফাত আহমদ (১৫) নগরের আম্বরখানা বড়বাজার এলাকার মিফতা উদ্দিনের পুত্র। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা যায়, রাতে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ও বঙ্গবীর এলাকার দুই দলের মধ্যে দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডের একটি ইনডোর মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার সময় একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে শুরু হয় হাতাহাতি। খেলা শেষে ফেরার পথে উভয় পক্ষ পুনরায় কাজিরবাজার সেতুতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রিফাতকে ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় রিফাতকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে সংরক্ষিত আছে বলে জানান সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির। তিনি আরও জানান, হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।