কক্সবাজারের টেকনাফ উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার রাতে হ্নীলা বাজার এলাকায় স্থানীয় একটি চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিনকে (৪০) জোরপূর্বক তুলে নেওয়া হয়। পাঁচ থেকে সাতজন মুখোশ পরা অস্ত্রধারী ব্যক্তি তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যায়। পরে হ্নীলা দরগাহ এলাকায় তাকে কুপিয়ে জখম অবস্থায় ফেলে রেখে যায় হামলাকারীরা। জামাল উদ্দিন হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। হামলায় তার হাঁটুতে গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে।

ঘটনার সময় হামলাকারীরা কয়েকটি ফাঁকা গুলিও ছুড়েছে। তাদের কাছে পিস্তল, গুলি ও ধারালো অস্ত্র ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। এলাকাবাসীর অভিযোগ, হ্নীলার পাহাড় ও রোহিঙ্গা শিবির সংলগ্ন এলাকায় সক্রিয় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী ও মাদক চক্রের সদস্যরাই এ হামলার সঙ্গে জড়িত। তারা দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিনকে তুলে নিয়ে মারধরের ঘটনা তাঁর জানা রয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকায় বাড়তি নজরদারি বাড়ানো হয়েছে।