রাজধানীর মানিকদি আমতলা এলাকায় মশার কয়েল কিনে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়েছেন এক কলেজশিক্ষার্থী। তাঁর নাম কারিমুল ইসলাম (১৮)। তিনি মিরপুরের সরকারি বাঙলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে। কারিমুলের গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর গ্রামে। তাঁর বাবা রফিকুল ইসলাম পেশায় রাজমিস্ত্রি। বর্তমানে পরিবার নিয়ে তাঁরা আমতলা এলাকায় ভাড়া বাসায় থাকেন।

রফিকুল ইসলাম জানান, রাতে তাঁর ছেলে বাসা থেকে মশার কয়েল কিনতে দোকানে যায়। কয়েল কিনে ফেরার পথে পেছন থেকে দুই থেকে তিনজন অজ্ঞাত ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কারিমুলের দুই হাঁটুর নিচে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় কারিমুলকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তার ডান পা থেকে একটি গুলি বের করেন। বাঁ পায়ের গুলিটি শরীর ভেদ করে বেরিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

রফিকুল ইসলাম আরও জানান, তাঁর ছেলের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যাওয়ার পর কারিমুলের সঙ্গে থাকা মুঠোফোনটিও পাওয়া যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ এক শিক্ষার্থী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।