সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার ঢাকায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। বেলা আড়াইটার দিকে স্বামীবাগ আশ্রম থেকে রথযাত্রা বের হয় এবং ভক্তদের ঢল শোভাযাত্রায় যোগ দেয়।
রথটি নির্ধারিত পথে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট, রমনা কালীমন্দির, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল ও পলাশী মোড় প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছাবে। ইসকন জানিয়েছে, নানা অনুষ্ঠানের মাধ্যমে ৯ দিনব্যাপী এই রথযাত্রা উৎসব উদযাপিত হবে।
উদ্বোধনের আগে সকাল আটটায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ অনুষ্ঠিত হয়। পরে বেলা দেড়টায় স্বামীবাগ ইসকন মন্দির অডিটরিয়ামে এক আলোচনা সভা আয়োজিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক নিতাই স্বামী।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার, ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভি কে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল এবং বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটি সদস্য দেবাশীষ রায় মধু ও ইসকন বাংলাদেশের যুগ্ম সম্পাদক গৌরাঙ্গ দাস। আলোচনা সভা শেষে বেলা আড়াইটায় রথযাত্রার উদ্বোধন করা হয়।
রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। টহল দল, সিসিটিভি ক্যামেরা, ফুট পেট্রল, বাইক মোবাইল টিম, গোয়েন্দা বিভাগ (ডিবি) ও ট্রাফিক পুলিশ শোভাযাত্রার সার্বক্ষণিক নিরাপত্তায় তৎপর ছিল। পুলিশের পাশাপাশি ইসকনের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবকও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। উৎসবের নবম দিনে, আগামী ২৪ জুলাই বেলা তিনটায় একই পথে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে, যা ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ আশ্রমে ফিরে আসবে।




