গতকাল শনিবার রাতে সিলেটে টিউশনি করিয়ে ফেরার সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রি) এক শিক্ষার্থী অস্ত্রের মুখে জিম্মি হওয়ার ঘটনা ঘটেছে। রাগীব রাবেয়া মেডিকেল কলেজের বিদেশি শিক্ষার্থীদের হোস্টেলের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্তদের মধ্যে একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে, যদিও তার নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. হাবিবুল্লাহ মেসবাহ, যিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি নিয়মিত সিলেটের গোয়াবাড়ী এলাকায় টিউশনি করাতে যান। ভুক্তভোগী জানান, সন্ধ্যা ৭টার দিকে তিনি গোয়াবাড়ির কুচারপাড়ায় যান এবং রাত ৯টার দিকে টিউশনি শেষে বাসায় ফিরছিলেন। পথে রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের নেপালি হোস্টেলের সামনে পৌঁছালে তিনজন দুর্বলী অস্ত্র উঁচিয়ে তাকে জিম্মি করে।
ছিনতাইকারীরা তাকে জোর করে পাশের একটি চা-বাগানের ভেতরে নিয়ে যায় এবং তার মোবাইল ফোন, মানিব্যাগ ও সঙ্গে থাকা নগদ টাকা কেড়ে নেয়। হাবিবুল্লাহ মেসবাহর বরাতে জানা গেছে, ছিনতাইকারীরা সব কিছু নেওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে পালানোর চেষ্টা করে। আহত অবস্থায় তিনি কোনোমতে দৌঁড়ে স্থানীয় লোকজনের কাছ থেকে সাহায্য প্রার্থনা করেন। এলাকাবাসীর তৎপরতায় তিন ছিনতাইকরের মধ্যে একজনকে হাতেনাতে ধরা সম্ভব হয়।
ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দেওয়া হয় এবং পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। মামলার বিষয়ে অগ্রগতি জানতে চাইলে ভুক্তভোগী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে বাদী হতে বললেও এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এ বিষয়ে জানান, 'খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আটককৃত একজনকে পুলিশে দেয়া হয়েছে। ভুক্তভোগী মামলা করবে, এবং আমরা তাকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করব। তার হাতে সামান্য আঘাত লেগেছে, তবে এখন সে পুরোপুরি নিরাপদে রয়েছে।'
সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব বলেন, 'পুলিশ গতকাল রাতেই একজনকে আটক করে নিয়ে এসেছে। আজ বিশ্ববিদ্যালয় থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।'




