কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পাট পচানোর ঘটনা নিয়ে সহোদরের সাথে দ্বন্দ্বের জের ধরে বড় ভাই খুন হয়েছেন। নিহত নুর ইসলামের (৫০) ওপর ছোট ভাই ও ভাতিজারা হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে মর্মান্তিক এই ঘটনা ঘটে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার নওদা বহালবাড়িয়ার গ্রামের ঠাকুরপাড়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওহাব মণ্ডলের সন্তান নুর ইসলাম পাঁচ ভাইয়ের মধ্যে একজন। তাদের বাড়ির পাশে অবস্থিত একটি পুকুরের মালিকানা অন্য দুই ভাই জিতু ও হেলালের। পুকুরের বেশিরভাগ অংশই হেলালের মালিকানাধীন। ঘটনার দিন নুর ইসলাম সালাম মাঠ থেকে পাট কেটে উক্ত পুকুরে জাগ দেওয়ার জন্য তীরে নিয়ে আসেন। কিন্তু জিতু পাট পচালে দুর্গন্ধ ছড়ায় এই অজুহাতে বাধা দেন। এতে বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। অপর ভাই হেলাল পাট জাগ দেওয়ার পক্ষে অবস্থান নিলেও বিরোধ মিমাংসা হয়নি।
দিনব্যাপী থমথমে পরিস্থিতির পর সন্ধ্যা সাড়া সাতটায় তা চরমে পৌঁছায়। অভিযোগ উঠেছে, জিতু, অন্যান্য ভাই ও ভাতিজারা একজোট হয়ে নুর ইসলামকে ঘেরাও করে হাঁসুয়া দিয়ে কোপাতে থাকে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আজিজ গণমাধ্যমকে জানান, প্রাথমিক তথ্যানুসন্ধানে দেখা যায় পাট জাগ দেওয়ার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এ বিরোধের সূত্রপাত। তিনি আরও বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে স্থানান্তর করা হয়েছে। রাতের অভিযানেই পুলিশ অভিযুক্ত ছোট ভাইসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।




