চীনের শীর্ষস্থানীয় বস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেড বাংলাদেশে তাদের কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি অত্যাধুনিক বস্ত্র কারখানা স্থাপন করতে যাচ্ছে তারা। এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীর গ্রিন রোডের বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
প্রকল্পটিতে মোট তিন কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬৬ কোটি টাকার সমতুল্য। কারখানাটি মোট ৩৬ হাজার বর্গমিটার জায়গার ওপর নির্মিত হবে। সম্পূর্ণ কার্যক্রম শুরু হলে এখানে বাৎসরিক ২৪ হাজার টন সুতা এবং ২০ মিলিয়ন মিটার গ্রে ওভেন ফেব্রিক উৎপাদন সম্ভব হবে বলে জানানো হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ৫৮০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং হুয়ারান টেক্সের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক বিন ওয়াং স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক ও নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জানান, বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ ও আধুনিক শিল্প পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বেপজা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আশ্বস্ত করেন যে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ব্যবসা পরিচালনায় হুয়ারান টেক্সকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে। প্রতিষ্ঠানটির এ বিনিয়োগ বাংলাদেশের বস্ত্র খাতের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

