বরিশালের আগৈলঝাড়া থানায় গত ৮ জুলাই এক আসামিকে গ্রেপ্তারের পর তাঁর মৃত্যু সংক্রান্ত গুজব ছড়িয়ে পড়ে। ওই মিথ্যা তথ্যের ভিত্তিতে থানায় হামলা চালায় একদল বিক্ষুব্ধ ব্যক্তি। এ সময় ভাঙচুরের পাশাপাশি কর্তব্যরত পুলিশ সদস্যরাও আক্রমণের শিকার হন। ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনাকে দেশে গড়ে ওঠা নব্য ‘মব সংস্কৃতি’র প্রকাশ বলে অভিহিত করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ জুলাই সন্ধ্যায় চুরির মামলায় আসামি রিয়াজ ফকিরকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। থানা হাজতে নিজের মাথায় আঘাত করে তিনি নিজেই আহত হন। পরে তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রাতে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন ৯ জুলাই দুপুরে রিয়াজের মৃত্যুর গুজব ছড়ালে এক দল লোক থানায় হামলা ও ভাঙচুর চালায়। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের মতে, গুজবনির্ভর এই হামলা কেবল আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যই হুমকি নয়, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিচারব্যবস্থা ও জননিরাপত্তার প্রতি মারাত্মক হুমকি। এটি বিদ্যমান আইনে শাস্তিযোগ্য অপরাধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এ ছাড়া কিছু স্বার্থান্বেষী মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করে সংগঠনটি। সবশেষে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন দেশের সকল নাগরিককে গুজবে বিভ্রান্ত না হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।