বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান শুক্রবার চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। সেখানে তিনি দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং শুকনা খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। সরকারকে অবশ্যই প্রতিটি ক্ষতিগ্রস্ত ব্যক্তির ন্যায্য অধিকার ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
জামায়াত আমির আরও উল্লেখ করেন, সাম্প্রতিক বন্যায় বহু মানুষ ঘরবাড়ি, ফসল ও সহায়-সম্পদ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তিনি উদ্ধার কার্যক্রম জোরদার করার পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ, চিকিৎসাসেবা এবং দ্রুত পুনর্বাসনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন। তার মতে, মানুষের দুর্দিনে রাজনীতির সবচেয়ে বড় পরিচয় হলো জনগণের পাশে দাঁড়ানো। তিনি আশ্বস্ত করেন যে বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতের মতো এবারও বন্যাদুর্গত মানুষের পাশে থাকবে।
এর আগে সকাল ৯টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সীমিত সামর্থ্য অনুযায়ী তারা বিপন্ন মানুষের পাশে দাঁড়াবেন, বিশেষ করে নিহত ব্যক্তিদের পরিবারের কাছে পৌঁছাবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য দলের সংশ্লিষ্ট সব সংগঠনকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কেন্দ্র থেকে পুরো কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহাজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগরের আমির মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির মুহাম্মদ আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ, চট্টগ্রাম মহানগরের সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী প্রমুখ। পরে তিনি চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।




