শরৎকালীন ভ্রমণের জন্য কক্সবাজার প্যাকেজ ঘোষণা করেছে দেশীয় এয়ারলাইন নভোএয়ার। যাওয়া-আসার বিমান টিকিট, হোটেল থাকা এবং খাবারসহ এই প্যাকেজের দাম রাখা হয়েছে ১৮ হাজার ২৮ টাকা। তিন দিন দুই রাতের এই অফারটি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভ্রমণপ্রেমীরা পাঁচ তারকা থেকে শুরু করে বিভিন্ন মানের হোটেলে থাকার সুযোগ পাবেন। প্যাকেজের মধ্যে রয়েছে কক্সবাজারে যাওয়া-আসার এয়ার টিকেট (সব ধরনের করসহ), বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত পরিবহন এবং প্রতিদিন সকালের নাস্তা। প্যাকেজটি শুধুমাত্র দুই জনের জন্য প্রযোজ্য।
গ্রাহকরা চাইলে ছয় মাসের সমান কিস্তিতে সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে পারবেন। এই কিস্তি পরিশোধের জন্য কোনো অতিরিক্ত টাকা বা সার্ভিস চার্জ দিতে হবে না বলে উল্লেখ করা হয়েছে। দেশের প্রধান ব্যাংকগুলোর ক্রেডিট কার্ডধারীরা এই সুবিধা নিতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্যাকেজের আওতায় কক্সবাজারের ১৮টি তালিকাভুক্ত হোটেলের যেকোনো একটিতে পছন্দমতো থাকার ব্যবস্থা রয়েছে। তবে হোটেলের ধরন এবং রুমের মান অনুযায়ী প্যাকেজের মূল্য ভিন্ন হতে পারে। একইভাবে, একজন ভ্রমণকারী বা দুইয়ের বেশি ভ্রমণকারী হলে মূল্য পরিবর্তন হবে।
বর্তমানে কক্সবাজার ছাড়াও নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে।




