বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। বাউবির নিজস্ব ক্যাম্পাস নেই; দেশের ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ভাড়া করা স্থাপনায় পাঠদান কার্যক্রম পরিচালিত হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন স্কুল ও অনুষদের অধীনে যেসব বিষয়ে ভর্তি চলবে তা হলো— স্কুল অব এডুকেশনে শিক্ষাবিজ্ঞান, বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষণ, ইংরেজি ভাষা ও সাহিত্য শিক্ষণ, সামাজিক বিজ্ঞান শিক্ষণ এবং বিজ্ঞান ও গণিত শিক্ষণ। সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি, ইসলামিক স্টাডিজ, ইতিহাস, দর্শন, সমাজতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ এবং অর্থনীতি। ওপেন স্কুলে ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, সমাজবিজ্ঞান, দুর্যোগ ব্যবস্থাপনা, ইংরেজি, ব্যবস্থাপনা, মার্কেটিং এবং উন্মুক্ত ও দূরশিক্ষণ। স্কুল অব বিজনেসে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ইকোনমিকস, ফাইন্যান্স এবং মার্কেটিং। কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলে কৃষিতত্ত্ব, কীটতত্ত্ব, সেচ ও পানি ব্যবস্থাপনা, অ্যাকুয়াকালচার, পোলট্রি সায়েন্স এবং কৃষি পরিবেশ। স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বায়ো অ্যাকটিভ ন্যাচারাল প্রোডাক্টস, ডায়েট অ্যান্ড ডিজিস, ফুড সেফটি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধীনে রয়েছে এআই ফর ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্লিকেশনস, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস (এলএলএম) অ্যান্ড জেনারেটিভ এআই এবং ট্রাস্টওয়ার্দি অ্যান্ড রেসপনসিবল এআই।
আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সব পরীক্ষায় এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত ন্যূনতম ৫০ শতাংশ নম্বর বা দ্বিতীয় বিভাগ, অথবা জিপিএ ৫-এ ৩.৫ এবং ৪-এ ৩ থাকতে হবে। স্বাস্থ্য পেশাজীবীদের ক্ষেত্রে স্বাস্থ্যসম্পর্কিত ডিগ্রিতে পাস মার্ক যথেষ্ট। এছাড়া যারা ইতোমধ্যে এমফিল ডিগ্রি অর্জন করেছেন, তারা পিএইচডিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় শিথিলতা পাবেন।
আবেদন ফি এমফিল প্রোগ্রামের জন্য ১৫০০ টাকা এবং পিএইচডি প্রোগ্রামের জন্য ২০০০ টাকা। জনতা ব্যাংক পিএলসির যেকোনো শাখায় এই ফি জমা দেওয়া যাবে। আবেদনপত্র অবশ্যই কম্পিউটারে কম্পোজ করে জমা দিতে হবে, হাতে লেখা আবেদনপত্র কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে প্রস্তাবিত গবেষণা তত্ত্বাবধায়ক ও সহ-তত্ত্বাবধায়কের (যদি থাকে) স্বাক্ষরসহ এক কপি গবেষণা প্রস্তাব, সব একাডেমিক নম্বরপত্র ও সনদের সত্যায়িত অনুলিপি, পিয়ার রিভিউড স্বীকৃত গবেষণা জার্নালে প্রকাশিত প্রবন্ধের অনুলিপি (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, ব্যাংকে টাকা জমার মূল রসিদ এবং জীবনবৃত্তান্ত বা সিভি।
আবেদনের শেষ তারিখ ২ নভেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত কিংবা অসম্পূর্ণ আবেদনপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র সংশ্লিষ্ট স্কুলের কার্যালয়ে সরাসরি অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। প্রয়োজনে যোগাযোগ করা যাবে ০১৭১২৫৫১৫৯৭ এবং ০১৯২৬০০১৭৪৩ নম্বরে। বিস্তারিত তথ্যের জন্য বাউবির ওয়েবসাইট দেখার অনুরোধ করা হয়েছে।



