দেশের শিক্ষিত যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড নামক প্রতিষ্ঠান।

প্রশিক্ষণটি মোট তিন মাস ব্যাপী হবে, যা ২০২৬ সালের ১ অক্টোবর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই মেয়াদে প্রতিদিন ৮ ঘণ্টা করে মোট ৬০০ ঘণ্টার নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত অনলাইন লিংকের (https://e-laeltd.com/64-student-reg-jubo) মাধ্যমে আবেদন করতে হবে। নির্দিষ্ট সময়ের পর আবেদন প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাছাই প্রক্রিয়ার ক্ষেত্রে যাদের ইংরেজি ভাষায় দক্ষতা এবং কম্পিউটার বা আইসিটি সম্পর্কে প্রাথমিক ধারণা রয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

নির্বাচন প্রক্রিয়ার সূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা এবং ২০ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান ও সময় এসএমএসের মাধ্যমে জানানো হবে। এরপর ২৩ সেপ্টেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। সফল আবেদনকারীদের নির্দেশ দেওয়া হয়েছে আবেদনের কপি ডাউনলোড করে রাখতে এবং পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র সাথে আনতে।

এই বিশেষ প্রশিক্ষণের জন্য কোনো ভর্তি ফি বা খরচ দিতে হবে না। বরং প্রশিক্ষণার্থীদের জন্য দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা প্রদান করা হবে। এছাড়া প্রশিক্ষণ চলাকালীন প্রতিদিন সকালের নাশতা, দুপুরের খাবার এবং বিকালের নাশতার ব্যবস্থা থাকবে। কোর্সটি সফলভাবে সম্পন্ন করে উত্তীর্ণ হওয়া প্রশিক্ষণার্থীদের জন্য সনদপত্র প্রদান করা হবে।