মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক ভৌগোলিক নাম পরিবর্তনের পদক্ষেপকে কেন্দ্র করে জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘সাউথ পার্ক’ এবার নিজের নাম বদলে ফেলেছে। সিরিজটির নতুন শিরোনাম এখন ‘সাউথ আমেরিকা’ — যা দর্শকদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে।

সিরিজের নির্মাতা ট্রে পার্কার ও ম্যাট স্টোন এক বিবৃতিতে জানিয়েছেন, অ্যাপল ও গুগলের সাহসিকতা এবং দেশপ্রেম দেখে তারা অনুপ্রাণিত হয়েছেন। এই মন্তব্যের মাধ্যমেই তারা ইঙ্গিত দিয়েছেন যে, প্রযুক্তি জায়ান্টগুলো সরকারের নির্দেশে মানচিত্রে নাম পরিবর্তনে সম্মতি দেওয়ায় তারা সেই পথেই হাঁটছেন।

সংবাদটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এই নাম পরিবর্তনকে রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে শিল্পের স্বাধীনতার প্রকাশ বলে মন্তব্য করছেন। তবে নির্মাতারা কোনো বিস্তারিত ব্যাখ্যা না দিলেও তাদের এই পদক্ষেপ যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের প্রতি একটি প্রতিক্রিয়া, তা স্পষ্ট।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রশাসন বেশ কিছু ভৌগোলিক নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে, যার মধ্যে রয়েছে মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘আমেরিকা উপসাগর’ রাখা। এমনকি ডেনালি পর্বতের নামও ফিরিয়ে দেওয়া হয়েছে ‘মাউন্ট ম্যাককিনলি’। এই প্রেক্ষাপটেই ‘সাউথ পার্ক’-এর এই সিদ্ধান্তকে অনেকে কৌতুকপূর্ণ সমালোচনা হিসেবে দেখছেন।