টেস্ট ক্রিকেটের অস্তিত্ব সংকট নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে তিনি টি-টুয়েন্টির প্রভাবে পাঁচ দিনের ক্রিকেটের প্রতি খেলোয়াড়দের আগ্রহ কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়েরও প্রশংসা করেছেন তিনি।

চলতি মাসে ডারউইনে ৯ উইকেটের ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। টানা ১১ সেশনে দাপুটে খেলা প্রদর্শন করে এই জয় তুলে নেয় সফরকারীরা। বাংলাদেশের এই অর্জনকে বিস্ময়কর বলেছেন ওয়াহ। তাঁর মতে, এটি সম্ভবত অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা ছিল। বাংলাদেশকে ভালো করতে দেখা দারুণ ব্যাপার বলেও মন্তব্য করেন তিনি।

তবে বাংলাদেশের সাফল্যের পাশাপাশি টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ওয়াহ। তাঁর ভাষ্য, সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। টি-টুয়েন্টিতে অর্থ এবং খেলোয়াড়রা সেখান থেকেই জীবিকা নির্বাহ করে। ফলে তাদের জন্য সিদ্ধান্তটা কঠিন নয় - অল্প সময়ে অনেক অর্থ আয় করা অথবা টেস্ট ক্রিকেটে নিজেকে উন্মুক্ত করা এবং তুলনামূলক কম অর্থ আয় করা। তবে ক্রিকেটে নিজের যোগ্যতা প্রমাণ করতে হলে টেস্ট খেলতে হবে বলে মত দেন তিনি। আর পরিবারের ভরণপোষণের জন্য টি-টুয়েন্টি বেছে নেওয়াটাও যৌক্তিক। তাই কেউ যে সিদ্ধান্তই নিক, তাকে দোষ দেন না ওয়াহ। তবে টেস্ট ক্রিকেট যেন খেলা হয়, সেটি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

খেলোয়াড়দের দোষ না দিয়ে প্রশাসকদের সমালোচনা করেন ওয়াহ। তাঁর দাবি, টেস্ট ক্রিকেট বাঁচাতে যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না ক্রিকেট প্রশাসন। সমাধান হিসেবে টেস্ট ক্রিকেটের জন্য আলাদা সময় রাখার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর মতে, এটি করতে কিছুটা দক্ষতার সঙ্গে ব্যবস্থাপনা প্রয়োজন।

টি-টুয়েন্টি আসার আগেই টেস্টের ভবিষ্যৎ নিয়ে ভেবেছিলেন ওয়াহ। ৫৭ টেস্টে অধিনায়কত্ব করে ৪১ জয় পাওয়া ৬১ বছর বয়সী এই কিংবদন্তি ১৯৯৯ সালেই বলেছিলেন, সব টেস্ট ক্রিকেটারকে সমান পারিশ্রমিক দেওয়া উচিত। কিন্তু ২৭ বছর পরও সেই প্রস্তাব বাস্তবায়িত হয়নি। এ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাঁর ভাষ্য, ২৭ বছর হয়ে গেলেও এটি হচ্ছে না। ছেলেরা যেন টেস্ট খেলে, সেজন্য সবার জন্য একই পারিশ্রমিকের ব্যবস্থা করা প্রয়োজন। শ্রীলঙ্কা বা বাংলাদেশের হয়ে টেস্ট খেলা খেলোয়াড়ও যেন ভারতীয় বা অস্ট্রেলীয় খেলোয়াড়ের সমান অর্থ পায়, সেটি নিশ্চিত করার কথা বলেন ওয়াহ।

টেস্ট ক্রিকেটের খেলার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার হয়ে দুবার বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। তাঁর মতে, কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার এবং কঠোর পরিশ্রম করে কুৎসিত রান করার শিল্প এখন আর খুব বেশি দেখা যায় না। টেস্টে কখনো কখনো শুধু উইকেটে পড়ে থাকতে হয়, তিন-চারটি মেডেন ওভার খেলতে হয় এবং রান করার জন্য দেখতে খারাপ লাগলেও ব্যাট করতে হয়। এটি এখনকার ধারা বা মানসিকতার বিপরীত। হয়তো এ বিষয়টি কিছুটা হারিয়ে গেছে। কীভাবে এটি করতে হয়, সেটি আবার শিখতে হবে বলে মত দেন ওয়াহ।