টঙ্গীতে পুলিশের একটি টিমের হাতে গ্রেপ্তার হওয়া এক আসামিকে ছিনিয়ে নিতে হামলা চালিয়েছে একদল মাদক চোরাকারবারি। রোববার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম রাহুল মিয়া (৩০), তিনি টঙ্গীর কেরানীরটেক এলাকার বাসিন্দা। হামলায় আহত হয়েছেন টঙ্গী পূর্ব থানার কনস্টেবল মো. মাসুদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার একদল পুলিশ কেরানীরটেক বস্তিতে অভিযান চালিয়ে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত রাহুলকে আটক করে। তাঁকে টঙ্গী রেলওয়ে স্টেশন হয়ে থানায় নেওয়ার পথে একদল মাদক ব্যবসায়ী পুলিশের গতিরোধ করে। তারা রেললাইনের পাশ থেকে পাথর কুড়িয়ে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ছুড়তে থাকে। একপর্যায়ে পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ আহত হন।
এরই মধ্যে পুলিশের হাত থেকে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নিয়ে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ স্টেশন এলাকায় পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করে। ঘটনার পরপরই রোববার রাতেই বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। তবে সোমবার বেলা সাড়ে তিনটা পর্যন্তও রাহুলকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম জানিয়েছেন, আসামি ও পুলিশের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ প্রশাসন।




