বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়ে গেল। আজ সোমবার ছিল প্রতিবেদন জমার নির্ধারিত দিন। কিন্তু সিআইডি তা দাখিল করতে পারেনি। ফলে আদালত ১৯ অক্টোবর নতুন তারিখ ঠিক করেছে। এ নিয়ে ৯৮তম বারের মতো প্রতিবেদন দাখিলের সময় বাড়ল। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে সাইবার হামলায় ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। তদন্তের সঙ্গে যুক্ত ব্যক্তিরা মনে করছেন, দেশের ভেতরের একটি চক্রের সহযোগিতায় অর্থটি চুরি করা হয়েছিল। ঘটনার প্রায় এক মাস পর ১৫ মার্চ তৎকালীন উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন। পরের দিনই আদালত তদন্তের দায়িত্ব সিআইডিকে অর্পণ করে। এরপর থেকে সংস্থাটি মামলাটি তদন্ত করে চলেছে।




