দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় বাড়ির আঙিনায় আদার আড়ালে গোপনে গাঁজা চাষ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আবু তালেব (২৭), তিনি উপজেলার শ্রী হরিবিহরি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রী হরিবিহরি গ্রামের একটি বাড়ির আঙিনায় আদার বাগানের ভেতরে লুকিয়ে গাঁজা চাষ করা হচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার রাত ১টার দিকে ওই বাড়িতে অভিযান চালায় ঘোড়াঘাট থানার পুলিশ। অভিযানের সময় আবু তালেবের আঙিনা থেকে দুটি গাঁজাগাছ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দ করা ওই গাছ দুটির মোট ওজন প্রায় ২০ কেজি।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আজ সোমবার সকালে জানান, অভিযান শেষে আবু তালেবকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁকে দিনাজপুর আদালতে হাজির করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।




