স্পেনে অবস্থানরত বাংলাদেশিদের অন্যতম সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন’-এর আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে মাদ্রিদের লাভাপিয়েস এলাকায় একটি রেস্তোরাঁয় এই সভাটি আয়োজন করা হয়। সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে যৌথভাবে সঞ্চালনা করেন সদস্য সচিব মো. দুলাল সাফা এবং যুগ্ম সচিব মাসুদুর রহমান।
নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া, সাধারণ সদস্যদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করা এবং সামগ্রিকভাবে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত সদস্যরা। এছাড়া নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীরা তাদের নিজস্ব মতামত ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
উক্ত সভায় সহ-প্রধান কমিশনার মাহবুবুর রহমান ঝন্টু, কোষাধ্যক্ষ রমিজ উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ সায়েদ মিয়া এবং সদস্য হিসেবে উপস্থিত ছিলেন হেমায়েত খান, এমদাদ হাওলাদার, আবুল কাশেম মুকুল, জাকিরুল ইসলাম, নিজাম উদ্দিন ও আসাদ আলী। এছাড়া সংগঠনের প্রাক্তন নেতৃবৃন্দও এই আলোচনায় অংশ নেন। তাদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সদ্য সাবেক সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি আল আমিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, সাবেক সহ-সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান।




