বিশ্বের তরুণ প্রজন্মের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং বাস্তবমুখী সহযোগিতার পরিবেশ তৈরির লক্ষ্যে চীনের চিয়াংশি প্রদেশে আয়োজিত হয়ে গেল আন্তর্জাতিক যুব সংলাপ। ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত টানা পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘এনার্জি অব ইয়ুথ ফর অ্যা বেটার ওয়ার্ল্ড’। চীনের ‘পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ’ (সিপিএএফএফসি) এই বিশেষ সংলাপের আয়োজন করে।

এই আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশ থেকে দুই বিশেষ প্রতিনিধি আমন্ত্রিত ছিলেন। তাঁদের মধ্যে একজন ছিলেন ‘লিলিপুট এসেনশিয়ালস’ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মোহাম্মদ তাওহিদুর রহমান। তিনি ‘ইয়ুথ পার্সপেকটিভস: এমব্রেসিং ইনক্লুসিভ কলাবোরেশন ফর উইন-উইন ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি আলোচনায় অংশ নেন। অন্য প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সানমিং ইউনিভার্সিটির স্কুল অব ওভারসিজ এডুকেশনের জ্যেষ্ঠ প্রভাষক ও গবেষক মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম। তিনি ‘ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য নাইনথ ফোরাম অন দ্য কমিউনিস্ট ইয়ুথ লীগ অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট’-এ নিজের প্রবন্ধ উপস্থাপন করেন।

‘দ্য ডায়ালগ বিটুইন ইয়ুথ লিডার্স ফ্রম জিয়াংসি অ্যান্ড ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ পার্টনার্স অ্যাট ডিফারেন্ট লেভেলস ২০২৬’ শিরোনামের এই সংলাপে মূলত যুব উন্নয়ন, কারিগরি শিক্ষা, অর্থনীতি, বাণিজ্য এবং সবুজ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা চলে। কেবল আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না এই কর্মসূচি; প্রতিনিধিরা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেন, নতুন ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করেন এবং বিভিন্ন প্রকল্পের সম্ভাবনা যাচাই করার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যুক্ত হন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন চিয়াংশি প্রদেশের ভাইস গভর্নর শিয়া ওয়েনইয়ং এবং সিপিএএফএফসি-এর ভাইস প্রেসিডেন্ট সান শুয়েছিং। এছাড়াও নেপাল-চীন এক্সিকিউটিভস কাউন্সিলের চেয়ারম্যান অনুপ রঞ্জন ভট্টরাই এবং স্পেনের আলকোরকন শহরের দ্বিতীয় ডেপুটি মেয়র লোপেজ অনুষ্ঠানে কথা বলেন।

পাঁচ দিনের এই বর্ণিল আয়োজনে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, রাশিয়া, স্পেন, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, বুলগেরিয়া, আয়ারল্যান্ড, জাম্বিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, নিউ জিল্যান্ড এবং ফিজিসহ মোট ২৫টি দেশের ১০০ জনেরও বেশি তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন। পাশাপাশি চীনের ম্যাকাও অঞ্চলের প্রতিনিধিরাও এই সংলাপে অংশ নিয়ে আলোচনা সমৃদ্ধ করেন।