রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন খ্যাতিমান শিশুসাহিত্যিক আখতার হুসেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর মস্তিষ্কে ইসকেমিক স্ট্রোক হয়েছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন।
আখতার হুসেনের ছেলে প্রমিত হুসেন জানান, বেশ কিছু দিন ধরেই তিনি ক্যানসারের সঙ্গে লড়ছেন। কয়েকদিন আগে রক্তচাপ হঠাৎ নেমে যাওয়াসহ বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দিলে তাকে প্রথমে ফার্মগেটের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে বারডেম হাসপাতাল হয়ে তাকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের বরাত দিয়ে প্রমিত বলেন, বাবার শারীরিক অবস্থা বর্তমানে সংকটজনক। এ অবস্থায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
উল্লেখ্য, শিশুসাহিত্যের প্রখ্যাত এই লেখক প্রথমা প্রকাশনের পাণ্ডুলিপি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কারসহ আরও বহু সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন। তাঁর অসুস্থতার খবরে সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পাশাপাশি পাঠক ও শুভানুধ্যায়ীরা তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।




