ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে শুক্রবার দুপুরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে শাহবাগের ফুটপাতে বসবাসকারী গোলাপি বেগমের হাতে নতুন একটি বাড়ির চাবি তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে এই চাবি হস্তান্তর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং 'আমরা বিএনপি পরিবার'-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় গোলাপি বেগমকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
'আমরা বিএনপি পরিবার' এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ২০২৫ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সমাবেশের সময় শাহবাগের ফুটপাতে গোলাপি বেগমের অসহায় জীবনযাত্রা প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরপর গোলাপি বেগমের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। প্রায় এক বছর ধরে তাঁর চিকিৎসার পাশাপাশি ঢাকায় একটি বাসায় থাকার ব্যবস্থা করা হয়েছিল।
পরে তাঁর স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে একটি নতুন বাড়ি নির্মাণের নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই ধারাবাহিকতায় সংগঠনটির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর গ্রামে গোলাপি বেগমের জন্য নতুন বাড়িটি নির্মাণ করা হয়। আজ আনুষ্ঠানিকভাবে তা হস্তান্তর করা হলো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন 'আমরা বিএনপি পরিবার'-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আবদুল মান্নান, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান, হাসানুর রহমান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপি নেতা ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতারা গণমাধ্যমকে বলেন, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই 'আমরা বিএনপি পরিবার'-এর অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সংগঠনটি মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা জানান।




