ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার থেকে শিশু-কিশোরদের বের করে এনে খেলার মাঠে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে উত্তরা ১২ নম্বর সেক্টর কল্যাণ সমিতি। শুক্রবার সকালে উত্তরা ১২ নম্বর সেক্টর পার্কে এই ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরা ১২ নম্বর সেক্টরের বাসিন্দাদের পাশাপাশি আশপাশের বিভিন্ন সেক্টরের প্রায় দুই শতাধিক শিশু-কিশোর এই ক্যাম্পে অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারীদের বয়স ৮ থেকে ১৪ বছরের মধ্যে। আগামী তিন মাস ধরে প্রতি শুক্র ও শনিবার এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কল্যাণ সমিতির সভাপতি শরীফ সান্টু বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি ভালোবাসার একটি মাধ্যম। খেলাধুলার মাধ্যমে শিশুদের শরীর ও মন দুটোই বিকশিত হয়, বন্ধুত্ব গড়ে ওঠে এবং একসঙ্গে কাজ করার মানসিকতা তৈরি হয়। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের অনেক শিশুই মোবাইল ফোন, কম্পিউটারসহ নানা ডিজিটাল ডিভাইসে অতিরিক্ত সময় কাটাচ্ছে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই শিশুদের নিয়মিত খেলাধুলার সুযোগ করে দেওয়া জরুরি। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে যার যেখানে সুযোগ রয়েছে, সবার কাছে তিনি এ ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে শুধু পড়াশোনাই যথেষ্ট নয়, খেলাধুলার বিকল্প নেই। তাদের মাঠমুখী করতে এই ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যাশা প্রকাশ করেন তিনি। সোসাইটির ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মনজুর হোসেন খান বলেন, এই প্রশিক্ষণের মূল লক্ষ্যই হলো শিশু-কিশোরদের খেলার মাঠে ফিরিয়ে আনা। নিয়মিত খেলাধুলা করলে তারা শারীরিকভাবে সুস্থ থাকবে এবং শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ গুণাবলি অর্জন করতে পারবে।

তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে প্রধান কোচের দায়িত্ব পালন করছেন নাহিদ মান্না। তাঁর সঙ্গে আরও তিনজন সহকারী কোচ প্রশিক্ষণে সহযোগিতা করছেন। ইউনিমার্ট এই ক্যাম্পের স্পনসর হিসেবে রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মফিজ সরকার, পরিবেশ সম্পাদক খালেদুর রহমান, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা কবিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শাহ আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য, স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা।