বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে কোস্ট গার্ড। টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে পরিচালিত এই অভিযানে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।

সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ সৌখিন বৃহস্পতিবার বেলা ২টায় এই তথ্যের কথা জানান। তিনি জানান, মাদক পাচার রোধ এবং প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে, কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে মাদকপাচারকারীরা দ্রুত মিয়ানমার সীমানার দিকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তারা তিনটি বস্তা সমুদ্রে ফেলে দেয়। পরবর্তীতে কোস্ট গার্ড ওই বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালায়। সেখান থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কোস্ট গার্ড। লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ সৌখিন আরও জানান যে, জব্দ করা মাদকদ্রব্যগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপের সামগ্রিক নিরাপত্তা বজায় রাখতে এবং মাদক ব্যবসার বিস্তার রুখতে ভবিষ্যতে আরও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছেন তিনি।