নাটোর রেলস্টেশন থেকে এক জার্মান পর্যটকের ব্যাগসহ ল্যাপটপ ও ক্যামেরা চুরি হওয়ার ঘটনায় তা উদ্ধারে ব্যাপক অভিযান চালাচ্ছে পুলিশ। ভিকটিম ১৮ বছর বয়সী পর্যটক ক্রিল ল্যান্ডার বুধবার বিকেলে এই চুরির শিকার হন। ঘটনার পর তিনি নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরই নাটোর জেলা পুলিশ ও সান্তাহার জিআরপি উদ্ধারকাজ শুরু করে।
রাজশাহী রেলওয়ে থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, ল্যাপটপটির অবস্থান একাধিকবার শনাক্ত করা হলেও তা উদ্ধার করা সম্ভব হয়নি। প্রথমে রাজশাহীর রেলগেট এলাকায় ল্যাপটপটির লোকেশন পাওয়া যায়। পরবর্তীতে রাত ১১টার দিকে পর্যটক যখন রাজশাহীতে পৌঁছান, তখন ডিভাইসটি মহিলা কলেজের আশপাশে অবস্থান করছে বলে দেখা যায়। এই তথ্যের ভিত্তিতে রেলওয়ে পুলিশ, আরএমপি-র বোয়ালিয়া থানা, ডিবি এবং র্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালান। এমনকি স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও মেস মালিকদের সাথেও যোগাযোগ করা হয়।
পরবর্তীতে বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের কাছে ল্যাপটপটির অবস্থান শনাক্ত হয়। ওই সময়ে স্টেশনে থাকা 'তিতুমীর' ও 'বনলতা এক্সপ্রেস' ট্রেনে তল্লাশি চালানো হলেও কোনো সরঞ্জাম পাওয়া যায়নি। ওসি হাফিজুর রহমান জানান, ল্যাপটপটিতে সিম কার্ড না থাকায় সুনির্দিষ্টভাবে অবস্থান শনাক্ত করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তবে ল্যাপটপটি যাতে কেউ কিনে না নেয়, সেজন্য স্থানীয় ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির ছবি পাওয়া গেছে, যা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
নিখোঁজ ল্যাপটপটি নিয়ে ক্রিল ল্যান্ডার জানান, তার পাসপোর্ট ও ফোন সাথে থাকলেও ল্যাপটপের ভেতরের গুরুত্বপূর্ণ ডেটাগুলো এখন ঝুঁকির মুখে। তিনি বলেন, "গত কয়েক ঘণ্টা ধরে কোনো নির্দিষ্ট অবস্থান পাওয়া যাচ্ছে না, তবে আমরা আশাবাদী যে দ্রুতই নতুন কোনো ক্লু পাওয়া যাবে।" নাটোর পুলিশ স্টেশনে পৌঁছানোর পর থেকে পুলিশ তার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন।
পুলিশের পক্ষ থেকে পর্যটকের বিশেষ যত্নের ব্যবস্থা করা হয়েছে। তিনি রাতে রাজশাহী পৌঁছানোর পর রেলওয়ে স্টেশনের একটি হোটেলে তার থাকার ব্যবস্থা করে এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করে পুলিশ। ওসি হাফিজুর রহমান বলেন, বিদেশি পর্যটকরা আমাদের অতিথি। তাই তাদের জিনিসপত্র দ্রুত ফিরিয়ে দিতে আরএমপি, ডিবি, র্যাব এবং ট্যুরিস্ট পুলিশ সমন্বিতভাবে কঠোর পরিশ্রম করছে। সঠিক লোকেশন পাওয়া গেলে দ্রুত উদ্ধার সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।




