বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটের কারণে দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা চরম আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন। এই পরিস্থিতি মোকাবিলায় এবং ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক করতে বিপণিবিতানগুলোতে সৌরবিদ্যুৎ বা সোলার প্যানেল স্থাপনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাদের দাবিগুলো তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এক লিখিত বক্তব্যে জানান, লোডশেডিং এবং রাত ৮টায় দোকান বন্ধের সরকারি সিদ্ধান্তের ফলে বেচাকেনা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ব্যবসায়ীরা এই সংকট থেকে মুক্তি পেতে চান এবং তার কার্যকর সমাধান হিসেবে সৌরবিদ্যুৎ স্থাপনের কথা বলেছেন। সংগঠনটির দাবি, যদি আগামী ছয় মাসের মধ্যে প্রতিটি বিপণিবিতানে নিজস্ব সোলার প্যানেল স্থাপনের শর্ত মেনে নেওয়া হয়, তবে রাত ৮টায় দোকান বন্ধ করার বাধ্যবাধকতা অবিলম্বে তুলে নেওয়া হোক।

সৌরবিদ্যুৎ স্থাপনের প্রক্রিয়া সহজ করতে তারা ১০ দফার একটি দাবি তালিকা পেশ করেছেন। এর মধ্যে অন্যতম দাবি হলো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) অথবা বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে সর্বোচ্চ ৭ বছর মেয়াদে মাত্র ২ শতাংশ সুদে কিস্তিভিত্তিক বিশেষ ঋণ সহায়তা প্রদান করা। সমিতির মতে, এই স্বল্প সুদে ঋণ পেলে দ্রুততম সময়ে বিপণিবিতানগুলো বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে এবং দেশজুড়ে প্রায় ২ হাজার থেকে আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

সোলার প্যানেলের মান নিশ্চিত করতে বিএসটিআই এবং ইডকলের ছাড়পত্র বাধ্যতামূলক করার পাশাপাশি নিয়মিত তদারকির কথা বলা হয়েছে। এছাড়া, প্যানেল স্থাপনের পর লাইসেন্স ফি ও সার্ভিস চার্জ থেকে অব্যাহতি এবং উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সাড়ে ১০ শতাংশ হারে জাতীয় গ্রিডে বিক্রির সুযোগ সহজ করার দাবি জানানো হয়েছে।

অন্যান্য প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে—বিদ্যুৎ বিভাগ ও দোকান মালিক সমিতির যৌথ চুক্তির মাধ্যমে দ্রুত সরঞ্জাম সরবরাহ, তিন মাস মেয়াদি একটি শক্তিশালী রেগুলেটরি বোর্ড গঠন এবং কাঠামোগত জটিলতা থাকা মার্কেটগুলোর জন্য আবেদন প্রক্রিয়া সহজ করা। পাশাপাশি ঋণ পরিশোধের জন্য একটি টেকসই তহবিল ব্যবস্থাপনার দাবিও জানানো হয়েছে। সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে অনেক ক্ষেত্রে মার্কেটগুলো বিদ্যুৎ বিলের ঝামেলা থেকে মুক্তি পাবে এবং বন্ধের দিনগুলোতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে দেশের জ্বালানি সংকটে অবদান রাখতে পারবে।

এই সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া, সহসভাপতি আব্দুল কাইয়ুম তালুকদার, হেজাজুল ইসলাম এবং ঢাকা মহানগর দক্ষিণ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফেজ হারুনসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।